সিডর ও আইলাবিধ্বস্ত উপকূলে বেড়িবাঁধ মেরামতে অব্যবস্থাপনার চিত্র
সেই পুরোনো অবহেলা-অনিয়ম
ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছে তিন বছর হয়ে গেল। আইলারও দুই বছর হতে চলল। অথচ বিধ্বস্ত উপকূলীয় বেড়িবাঁধ মেরামতের জরুরি কাজ চলছে পুরোনো নিয়মেই। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের অবহেলা ও ঠিকাদারদের অনিয়মের ফাঁদে আটকে গেছে বেড়িবাঁধ মেরামত না হওয়ায় বাস্তুহারা খুলনা ও সাতক্ষীরার অর্ধলক্ষ উপকূলবাসী। কম ওজনের বস্তা সীমানা না মেনে যত্রতত্র ফেলা হচ্ছে। এমনকি বস্তায় নির্দিষ্ট মানের উপাদানও দেওয়া হচ্ছে না বলে সরকারি সংস্থা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে। পাউবোর কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করে এসে কাজের অগ্রগতি মোটেও সন্তোষজনক নয় জানিয়ে বলেছে, এভাবে এগোলে বর্ষা মৌসুমের আগে কাজ শেষ হবে না। মেরামতের ক্ষেত্রে উপাদান ব্যবহারে নিয়ম মানা হচ্ছে না বলে বর্ষা মৌসুমে তা ভেঙে পড়তে পারে। বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ বর্ষা মৌসুমের আগে শেষ না হলে বেড়িবাঁধের ওপর বসবাস করা ৪০ হাজার মানুষ এ বছর বাড়ি ফিরতে পারবে না। আমন চাষ করতে না পারা এখানকার কৃষকেরা বোরো ধানের আবাদ করতে পারবেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বেড়িবাঁধ মেরামতের অগ্রগতি দেখতে গিয়েছিলেন। পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করে তিনি প্রথম আলোকে বলেছেন, বেড়িবাঁধগুলো অনেকটা চার পায়ের চেয়ারের মতো। একটি পা যদি ভাঙা থাকে, তাতে কেউ বসতে পারবে না। কাজের ৯০ ভাগ শেষ হলেও লোকজন বাড়ি ফিরতে পারবে না। ফলে শতভাগ কাজ শেষ করতে যা যা করণীয়, তা অবশ্যই করতে হবে। অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সম্প্রতি এসব এলাকা পরিদর্শন করেছেন। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সিডর ও আইলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজটি সরকারের একটি জরুরি ও অগ্রাধিকার বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, পাউবো এটিকে গতানুগতিক একটি কাজ হিসেবেই দেখছে। মাঠপর্যায়ে কাজের কোনো তদারকি নেই। তিনি কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর না করে গণশুনানি করার পরামর্শ দিয়ে বলেন, এতে সরকার প্রকৃত অবস্থাটা জানতে পারবে। কাজ এগোচ্ছে না খুলনায়: আইলা ও সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল খুলনার দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডার। আইলার পর এই পোল্ডার মেরামতের দায়িত্ব নেন স্থানীয় সাংসদ ননীগোপাল মণ্ডল। তিনি গত বছর বর্ষা মৌসুমে কাজ শেষ করতে পারেননি। ফলে ওই উপজেলার পোল্ডারের চারটি অংশ ভেঙে নদীটি গ্রামের ভেতরে প্রবেশ করে খালে পরিণত হয়। চলতি আগস্ট থেকে শুষ্ক মৌসুম শুরু হলেও পাউবো ২৮ কোটি ১৯ লাখ টাকার নির্মাণকাজের কার্যাদেশ দেয় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে। মার্চের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারেরা চুক্তিবদ্ধ হন। কিন্তু চলতি মাসে কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পাউবোর একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডার পরিদর্শনে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের কাছে কমিটি প্রতিবেদন দিয়ে বলেছে, ইতিপূর্বে যে পরিমাণে কাজ শেষ হওয়ার কথা ছিল তা হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবেও না। প্রতিবেদনে আরও জানানো হয়, ৯ ও ১২ জানুয়ারি ৩২ নম্বর পোল্ডারের আধীন আইলায় ক্ষতিগ্রস্ত চলমান কাজগুলোর মধ্যে বাঁধ পুনরাকৃতি ব্লিচ ক্লোজিং ও ক্লোজার (বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধে তৈরি অবকাঠামো) নির্মাণ এলাকা পরিদর্শন ও তদারকি করা হয়। প্রতি এলাকায় ন্যূনতম প্রয়োজনের চেয়ে অত্যন্ত কমসংখ্যক শ্রমিককে কাজ করতে দেখা যায়। এই অল্পসংখ্যক শ্রমিক দিয়ে কাজ অব্যাহত রাখলে ক্লোজার নির্মাণের কাজ শেষ করা যাবে না। এ পরিস্থিতিতে কমিটি আনুপাতিক হারে শ্রমিকসংখ্যা বাড়িয়ে কাজ দ্রুত শেষ করার সুপারিশ করে বলেছে, তা না হলে বাঁধ পুনরাকৃতি, ব্রিচ ক্লোজিং ও ক্লোজার নির্মাণকাজ শেষ করা দুরূহ হবে। খুলনা জেলার মেরামতকাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো হলো: শামীম আহসান, মাহবুব ব্রাদার্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড, অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড করপোরেশন, ইয়াকুব করপোরেশন, মেসার্স মণ্ডল অ্যান্ড কোং, চেকবে ইন্টারন্যাশনাল, মো. শামিমুর রহমান, এমবিপিএল অ্যান্ড এলটি (জেভি), মেসার্স এ এস কন্সট্রাকশন, মেসার্স স্টোন স্টিল, মেসার্স আবু বকর সিদ্দিকী, ওয়াইসি অ্যান্ড আমেল (জেভি) এবং দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস। সাতক্ষীরায় চরম অব্যবস্থাপনা: সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৩ ও ১৪/২ নম্বর পোল্ডারের মেরামত চলতি বছরের মধ্যে শেষ করার কথা। কাজের এলাকা পরিদর্শন করে পাউবোর কেন্দ্রীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল প্রতিবেদন দিয়ে বলেছে, বেড়িবাঁধ মেরামতে শ্রমিকের কাজ করানোর ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা দেখা গেছে, পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। বেশির ভাগ ভাঙা অংশ গতবার মেরামতের পর বর্ষা মৌসুমে ভেঙে গিয়েছিল। যেভাবে কাজ হচ্ছে তাতে নির্মাণকাজ শেষ হওয়ার পর এ বছর বর্ষায়ও তা ভেঙে যেতে পারে। কমিটি সাতক্ষীরার সুরা, খলিসাবুনিয়া, চাকবাড়া, শিকারিবাড়ী, চাকলা, চুইবাড়িয়া এলাকার মেরামতকাজ পরিদর্শন করে আরেকটি প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, শ্রমিকেরা বেড়িবাঁধের সীমানা অনুযায়ী মাটির বস্তা ফেলছে না। চুক্তি অনুযায়ী প্রতিটি ৭৫ কেজি বস্তায় ৩০ শতাংশ কাদা, ৪০ শতাংশ বালু ও ৩০ শতাংশ মাটি থাকতে হবে। ওই উপাদানগুলো বাইরে থেকে এনে বস্তায় এনে ভরতে হবে। পরিদর্শন দল গিয়ে দেখতে পায়, ফেলা হচ্ছে ৫০ কেজি ওজনের বস্তা। নদী থেকে মাটি ও কাদা তুলে বস্তায় ভরে ফেলা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো সীমানাও মানা হচ্ছে না। সঠিক মিশ্রণ ও ওজন না থাকার ফলে নির্মাণকাজ শেষ হওয়ার পর বেড়িবাঁধগুলো আবারও ভেঙে পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাতক্ষীরা বেড়িবাঁধ মেরামতের দায়িত্ব পাওয়া সংস্থাগুলো হলো: শেখ মোহাম্মদ ইসহাক, আল-মামুন এন্টারপ্রাইজ, মেসার্স মিজান এন্টারপ্রাইজ অ্যান্ড ইসলাম ব্রাদার্স, দ্য স্টোন স্টিল, ইয়াকুব করপোরেশন, মেসার্স মিজান এন্টারপ্রাইজ, এইচবি-এএইচ (জেভি), আল-মামুন এন্টারপ্রাইজ, মেসার্স কামরুল এন্টারপ্রাইজ।