উত্তেজিত ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে ধরে, পায়ের স্যান্ডেল খুলে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিমকে লাথি দিচ্ছেন এক ব্যক্তি। সাদা-গোলাপি প্রিন্টের শার্ট, বাঁ হাতে ওয়্যারলেস সেট। জাহিদুলকে মারধরের সময় আরেক আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার এ ভঙ্গিমার ছবিটি তোলেন।ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছবিটি প্রকাশিত হয়েছে। প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনের ঘটনায় সহকারী কমিশনার শহীদুল ইসলামসহ ১০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বরখাস্ত হয়েছেন। তবে ‘লাথি দেওয়া’ সেই ব্যক্তির কিছুই হয়নি, এখনো বহাল। তিনি হলেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর। জাহিদুল করিম বলেন, লোকটি তাঁকে লাথি দিয়েছেন। থানায় নেওয়ার সময় লাঠি দিয়ে তিনি তাঁদের পিটিয়েছেন। তবে লোকটির পরিচয় জানতেন না জাহিদুল। গতকাল কয়েকজন সাংবাদিক শেরেবাংলা নগর থানায় গিয়ে তাঁকে দায়িত্বরত দেখে অন্যদের জানান।শেরেবাংলা নগর থানায় গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আহমেদ কবীর লাথি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তো তাঁদের ধরতে গেছিলাম। আমি তাঁদের মারধর করিনি। ঘটনার সময় নিজে পড়ে গিয়ে হাতের আঙুলে ব্যথা পাই।’এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে যাঁদের নাম এসেছে, তাঁদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তদন্ত চলছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর তাৎক্ষণিকভাবে শাস্তিপ্রাপ্ত কেউ যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।