সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামকে অবশেষে বদলি করা হয়েছে। উপজেলার দিঘলিয়া বাজারে ২৮ জানুয়ারি জনতার হাতে অবরুদ্ধ হওয়ার জের ধরে তাঁকে একই উপজেলার নলদী পুলিশ ক্যাম্পে বদলি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি নড়াইল জেলা পুলিশ সুপার এ আদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ জানুয়ারি সকালে ওই পুলিশ কর্মকর্তা দিঘলিয়া গ্রামের বালাম (৩৫) হত্যা মামলার আসামি শাহাদত কাজীর দিঘলিয়া বাজারের চালকলের ফিতা টুকরো টুকরো করে কেটে ও যন্ত্রপাতি খুলে বস্তায় ভরে সঙ্গে থাকা কনস্টেবল ইকরামের মাধ্যমে থানায় পাঠিয়ে দেন এবং বিদ্যুতের লাইন খুলে দেন। এর পর আরেক আসামি লিয়াকত বিশ্বাসের চালকল বন্ধ করে দেন। এ সময় শাহাদত কাজীর স্ত্রী লাবলী বেগম বাজারে এসে ব্যবসায়ীদের জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে ঘরের মধ্যে শ্লীলতাহানির চেষ্টা করেন। এর পরই উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বাজার বণিক সমিতির নেতারা পুলিশ কর্মকর্তাকে নিয়ে বণিক সমিতির ঘরে আটকিয়ে রাখেন। এক ঘণ্টা পর লোহাগড়া থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।লাবলী বেগম (৩৫) অভিযোগ করেন, ওই দিন সকালে পুলিশ কর্মকর্তা আবদুস সালাম তাঁদের বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তাঁকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শাহাদত কাজীর আরেক স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘চালকলে তাণ্ডব চালানোর সময় ঠেকাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ভাতভর্তি ডিশ ছুড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।’ দিঘলিয়া বাজার বণিক সমিতির সহসভাপতি শেখ নাছিরউদ্দিন বলেন, ‘জনতার ক্ষোভের মুখে ওই পুলিশ কর্মকর্তা করজোড়ে মাফ চান।’অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘আমি লাভলী বেগমের বাড়িতেই যাইনি। তাঁর স্বামী, ৩ ছেলে ও জামাই হত্যা মামলার আসামি। আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা। আমাকে দুর্বল করতে ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ থাকায় আসামিদের ধরার জন্য চাপ দিতে চালকল বন্ধ করা হয়েছিল।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বদলির কথা নিশ্চিত করে বলেন, ‘শ্লীলতাহানির অভিযোগ সঠিক নয়, অন্যগুলো সঠিক।’