সেই প্রতিষ্ঠানের অনুসন্ধান করছে দুদক
ফরিদপুরে প্রায় দুই যুগ ধরে বন্ধ একটি শিল্পপ্রতিষ্ঠানের কথিত পরিচালকদের বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি অবৈধভাবে বিক্রি ও তত্কালীন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে নামজারির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ৯ জুলাই এই অভিযোগটি অনুসন্ধান করার জন্য দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা দুদক কার্যালয়ে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী প্রথম আলো ডট কমকে বলেন, ‘৯ জুলাই আমরা ঢাকার নির্দেশ পাওয়ামাত্রই এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছি। এ ব্যাপারে সহকারী উপপরিচালক শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ তিনি বলেন, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করে পরবর্তীতে তদন্ত করবে দুদক।জেলা দুদকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই অনুসন্ধানের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা শহীদুল ইসলাম এ-সংক্রান্ত তথ্যাদি চেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার ও সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দিয়েছেন।জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে, ফরিদপুর শহরের আলীপুর মৌজার ১২৬ নম্বর খতিয়ানের ১০৫ শতাংশ জমি হুকুম দখল করা হয়েছিল কি না? ওই জমিতে ফিনিক্স কেমিকেল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক কিরণ লাহিড়ীর অনুকূলে একটি ওষুধ কোম্পানি করা হয়েছে কি না এবং এএলএ কেসের নম্বর কত?জেলা রেজিস্ট্রারের কাছে চারটি দলিল সম্পাদনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। সহকারী কমিশনারের (ভূমি) কাছে জানতে চাওয়া হয়েছে, ওই ১০৫ শতাংশ জমির মধ্যে দশমিক ৩৬ একর জমি খাসখতিয়ানভুক্ত কি না?প্রসঙ্গত দৈনিক প্রথম আলো পত্রিকার গত ১৮ এপ্রিল তারিখের পাঁচ নম্বর পৃষ্ঠায় ‘প্রতিষ্ঠান বন্ধ, সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি বিক্রি!’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। তাতে বলা হয়, সামাদ শেখ ওই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার দুই যুগ পর নিজে ব্যবস্থাপনা পরিচালক সেজে ২০১০ সালে নিজের স্ত্রী ও আত্মীয়স্বজনের কাছে ১০৫ শতাংশ আয়তনের জমি নামমাত্র মূলে (৪৯ লাখ ৮৩ হাজার টাকা) বিক্রি করেছেন এবং তত্কালীন ভূমি কর্মকর্তারা বেআইনিভাবে নাম জারি করেছেন।