সেই বল
চার ম্যাচের দুটিতেই হেরেছে দল। জয় দুটিও আবার স্কটল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। নিজের অবস্থাও সুবিধের নয়। নতুন বলই হাতে পাচ্ছেন না, বোলিং করছিলেন প্রথম পরিবর্ত বোলার হিসেবে। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় নিজের কলামে ম্যাকগ্রা লিখলেন, ‘এই ম্যাচে আমি ৫ উইকেট নেব। ও হ্যাঁ, ৫ উইকেটের একটি হবে ওদের সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারার।’চারদিকে ব্যঙ্গাত্মক হাসি। ম্যাচ শুরুর আধঘণ্টার মধ্যে হাসি থেমে গিয়ে সবগুলো মুখে খেলা করছে বিস্ময়। সুপার সিক্সে উঠতে জয় ছাড়া উপায় ছিল না অস্ট্রেলিয়ার। পরিকল্পনায় পরিবর্তন আনলেন মরিয়া স্টিভ ওয়াহ। ওল্ড ট্র্যাফোর্ডের কন্ডিশন কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং নিয়েই আক্রমণের দায়িত্ব তুলে দিলেন তাঁর পরীক্ষিত সৈনিকের হাতে। ইনিংসের পঞ্চম ওভারেই ম্যাকগ্রা টানা দুই বলে ফেরালেন শেরউইন ক্যাম্পবেল ও জিমি অ্যাডামসকে। ব্রায়ান লারা এসে হ্যাটট্রিক ঠেকালেন, তবে পারেননি ম্যাকগ্রার প্রতিজ্ঞা ঠেকাতে। দুই ওভার পরে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড লারা, যেটি ঢুকে গেছে ওয়ানডে ইতিহাসের সেরা ডেলিভারিগুলোর ছোট্ট তালিকাতেও। মিডল স্টাম্পে পিচ করা বলটি হালকা আউট সুইং করে লারার চওড়া ব্যাটের পাশ দিয়ে গিয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। দ্বিতীয় স্পেলে ফিরে আরও দুই উইকেট নিয়ে ম্যাকগ্রা পূরণ করেন ৫ উইকেটের প্রতিজ্ঞা। ওই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিজয়রথ, যেটা চলছে এখনো। ওই ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আরেকটা ধারা, যেটাও দারুণ সফল—কোনো ম্যাচ বা সিরিজের আগে ম্যাকগ্রার লক্ষ্য নির্ধারণ!