সেই বাসচালক জামির মেহেরপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের সেই বাসের চালক জামির হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাতে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় গত শনিবার দুপুরে ওই বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন, তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি। তাঁদের মধ্যে ঢালী আল মামুনের অবস্থা এখনো সংকটাপন্ন।দুর্ঘটনার পর চালক জামির পালিয়ে যান। এ ব্যাপারে করা মামলাটি তদন্ত করছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।ঢাকা মহানগর ডিবি পুলিশের কর্মকর্তারা গতকাল সোমবার জানান, তাঁদের পাঁচ সদস্যের একটি দল প্রথমে চুয়াডাঙ্গায় জামিরের গ্রামের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁকে না পেয়ে গাংনী উপজেলার চৌগাছা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনার পর থেকে জামির ওই বাড়িতে লুকিয়ে ছিলেন। পরে তাঁকে ঢাকায় আনা হয়।রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে গতকাল দুপুরে জামিরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, প্রায় ২৫ বছর ধরে দূরপাল্লার বাস চালাচ্ছেন তিনি। তাঁর বৈধ লাইসেন্সও রয়েছে। তিনি পরিবহনের বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। দুই বছর ধরে চুয়াডাঙ্গা ডিলাক্সের বাস চালাচ্ছেন। তিনি জানান, শনিবার ভোরে তিনি চুয়াডাঙ্গা থেকে বাস নিয়ে ঢাকায় আসেন। দুপুরে আবার চুয়াডাঙ্গায় ফিরছিলেন। এ কারণে বেশ ক্লান্ত ছিলেন।বাসচালক বলেন, দুর্ঘটনার আগে বেশ বৃষ্টি হচ্ছিল। রাস্তাও পিচ্ছিল ছিল। তিনি ঢাকা থেকে বাস নিয়ে আরিচার দিকে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। তখন রাস্তায় অন্য গাড়ি ছিল না। তিনি দাবি করেন, মাইক্রোবাসটি রাস্তার সাদা দাগ অতিক্রম করে ডান দিকে চেপে আসছিল। খুব কাছাকাছি আসার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। কিন্তু দ্রুতগতির কারণে তিনি আর বাঁয়ে যেতে পারেননি। এরপর মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এক প্রশ্নের জবাবে জামির বলেন, তাঁর বাসের গতি কম ছিল এবং তিনি ঠিকমতো চালাচ্ছিলেন বলেই বাসের যাত্রীদের কিছু হয়নি। তিনি বলেন, ‘আমি ঠিক না বললে বাসের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে দেখেন, আমি দোষ করেছি কি না।’ তাঁর মতে, মাইক্রোবাসের চালক হয়তো আনমনা ছিলেন অথবা বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।বাসচালক আরও বলেন, দুর্ঘটনার পর তিনি বাস থেকে নেমে পালিয়ে যান। মুঠোফোনে বাসের মালিককে ঘটনা জানিয়ে আত্মগোপন করেন।ডিবির কর্মকর্তারা জানান, জামির নিজের মতো করে ঘটনা বলে দোষ ঢাকতে চেয়েছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ-উল-ইসলাম জানান, জামিরকে মানিকগঞ্জে এনে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দলও চুয়াডাঙ্গায় গেছে। গতকাল দলের সদস্যরা চুয়াডাঙ্গা ডিলাক্সের কর্মকর্তা ও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেন।এদিকে ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সড়ক বিভাগ।