সেই বাসচালক জামির হোসেন জামিনে মুক্ত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা কারাগার থেকে জামিরকে বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হয়। পরে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান ৫০ হাজার টাকা মুচলেকায় বাসচালক জামিরের জামিন মঞ্জুর করেন। এর আগে আদালত একাধিকবার জামিরের জামিন আবেদন নামঞ্জুর করেন।জেলা কারাধ্যক্ষ মো. কামরুল ইসলাম সন্ধ্যায় বলেন, আদালতের আদেশে জামিরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মানিকগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে যদি ৩০২ ধারায় অভিযোগ আনা হয়, তাহলে জামিরের সাজা হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। যদি ৩০২ ধারায় অভিযোগ না এনে বেপরোয়াগতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়, তবে এর সাজা হবে সর্বোচ্চ তিন বছর।গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ওই মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। এজাহারে বাসের চালক জামিরের বিরুদ্ধে বেপরোয়াগতিতে গাড়ি চালিয়ে রাস্তার ডানদিকে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়ার অভিযোগ আনা হয়। ঢাকা ডিবির একটি দল গত ১৪ আগস্ট রাতে মেহেরপুরের গাংনী থেকে জামিরকে গ্রেপ্তার শেষে মানিকগঞ্জ ডিবির কাছে হস্তান্তর করে। পরে মানিকগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জামিরকে জেলহাজতে পাঠানো হয়। এর পর থেকে জামির মানিকগঞ্জ জেলা কারাগারে ছিলেন।