সেই বাসের আরও তিন লাশ উদ্ধার, সঠিক যাত্রীসংখ্যা অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে তুরাগ নদে পড়ে ডুবে যাওয়া বাসের আরও তিন যাত্রীর লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই বাসের ১৩ জনের লাশ পাওয়া গেল। ঘটনার দিন গত রোববার ওই বাসের যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।৫২ আসনের ওই বাসটির ছয়জন জীবিত উদ্ধার হয়েছেন। তাঁদের ভাষ্য, তুরাগে পড়ার সময় বাসের অল্প কয়েকটি আসন খালি ছিল। তবে বাসটিতে কতজন যাত্রী ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশ, জেলা প্রশাসন বা উদ্ধারকারীদের কাছে।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। তখনো অনেকে নিখোঁজ স্বজনদের খুঁজছিলেন। তাঁদের ধারণা, অনেক লাশ ভেসে গেছে।বাসে কত যাত্রী ছিল: বৈশাখী পরিবহনের ওই বাসের বেঁচে যাওয়া যাত্রী তপন ও শাওন জানিয়েছেন, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে সালেপুর সেতুতে ওঠার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। আর বাসচালকের সহকারী (হেলপার) কামাল বাস কর্তৃপক্ষকে বলেছেন, বাসে ‘মোটামুটি’ যাত্রী ছিল। বৈশাখী পরিবহনের চেয়ারম্যান সোহেল রানা প্রথম আলোকে জানান, বাসের যাত্রীসংখ্যার বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। সকালে অফিস সময়ের পরপরই বাসে যাত্রী কম থাকে। সেই হিসাবে বাসে ২৫-৩০ যাত্রী থাকার কথা।তুরাগে পড়ার পর তপন, শাওনসহ সাতজন বাস থেকে বের হতে পেরেছেন। তাঁদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা পরে মারা যান। গত তিন দিনে উদ্ধার করা হয়েছে ১৩ জনের লাশ। এই ২০ জনের হিসাব পাওয়া গেছে। বাসের সম্ভাব্য বাকি যাত্রীদের কোনো খোঁজ নেই। খোঁজ নেই বাসের চালকেরও।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, বাসে কত যাত্রী ছিল, এ বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তাঁদের ধারণা, বাসে বেশি হলে ২৫ জন যাত্রী ছিল। তিনি বলেন, বড়জোর আর তিন-চারজন নিখোঁজ থাকতে পারে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বি মিয়া বলেন, ‘বাসে কত যাত্রী ছিল, তা বলা মুশকিল। লাশ যে গেল কোথায়, এ প্রশ্ন আমারও।’ তিনি জানান, লাশের সন্ধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবারও ট্রলার দিয়ে তল্লাশি করা হবে।গতকালও দিনভর তুরাগ তীরে ছিল উৎসুক মানুষের ভিড়। উদ্ধার হওয়া বাসটির নিরাপত্তা ও দুর্ঘটনাস্থলে যেকোনো বিশৃঙ্খলতা এড়াতে পুলিশের একটি দল সেখানে রয়েছে।ভেসে গেছে লাশ: উদ্ধার হওয়া ১৩ লাশের মধ্যে ১০টিই দুর্ঘটনাস্থল থেকে দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাই যাঁরা এখনো স্বজনের খোঁজ পাননি, তাঁরা দাবি করেছেন, লাশ ভেসে গেছে। গত মঙ্গলবার কর্মকর্তারাও এমন ধারণা করে বলেছেন, বাসটি উদ্ধারের সময় অনেক নড়াচড়া হওয়ায় কিছু লাশ ভেসে যেতে পারে।সাভার থানা সূত্র জানায়, টঙ্গী কলেজগেট এলাকার রাশেদুল ইসলাম তাঁর বাবা ইসলাম আলী নিখোঁজ রয়েছেন বলে সোমবার সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আর কারও নিখোঁজ থাকার ব্যাপারে জিডি করা হয়নি।গতকাল দুর্ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তবে তাঁরা নিজ উদ্যোগে নৌকা নিয়ে নদের ভাটির দিকে খোঁজাখুঁজি করেছেন। এঁদের মধ্যে নোয়াখালীর সেনবাগের রশিদউদ্দিনের ছেলে রাসেল আহম্মেদকে (৩০) খুঁজে বেড়াচ্ছেন তাঁর বন্ধু ফারুক হোসেনসহ অন্যরা। মাগুরার মোহাম্মদপুরের আবদুস সবুর মোল্লার ছেলে তৈরি পোশাক ব্যবসায়ী মামুনুর রশিদের খোঁজ করছেন তাঁর বোন তানিয়া পারভিন। মা ফিরোজা বেগমকে (৫০) খুঁজে বেড়াচ্ছেন মেয়ে শাহনাজ পারভিন। তাঁদের বাড়ি আমিনবাজারে। আমিনবাজারের হিজলা গ্রামের রুহিতন খাতুনকে (৬০) খুঁজছেন মেয়ে রোহসা বেগম।আরও তিন লাশ উদ্ধার: গতকাল সকাল থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ তল্লাশি দল লাশের সন্ধানে অভিযান চালায়। সেনাবাহিনীর মেজর শাকিল আহমেদের নেতৃত্বে ৩৮ সদস্যের দলটি ছয়টি নৌযানে ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি করে। সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারও তল্লাশিতে অংশ নেয়। তল্লাশি দল সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে চানপুর এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করে। লাশটি ঢাকা পঙ্গু হাসপাতালের মসজিদের ইমাম হাফিজুর রহমানের (৫০) বলে তাঁর ভগ্নিপতি দেলোয়ার হোসেন শনাক্ত করেন।বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে সালমাশি এলাকা থেকে উদ্ধার করা হয় লালন সরদারের (২৩) লাশ। তিনি বরিশালের আগৈলঝাড়ার দুলাল সরদারের ছেলে। তিনি ঢাকার গুলশানে একটি চীনা রেস্তোরাঁয় চাকরি করতেন।বেলা একটার দিকে দুর্ঘটনাস্থলের পশ্চিমে সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার থানা পুলিশ। ওসি নিশ্চিত করেছেন, লাশটি বাসের কোনো হতভাগ্য যাত্রীর। তবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।তল্লাশি সমাপ্তি ঘোষণা: গতকালের তল্লাশি অভিযানের সমন্বয়ক মেজর শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ভোর ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। সালেপুর সেতু থেকে তৃতীয় বুড়িগঙ্গা সেতু পর্যন্ত তল্লাশি চালিয়ে মাত্র দুটি লাশ পাওয়া যায়। সেনাবাহিনীর (আর্মি এভিয়েশন) দুটি হেলিকপ্টার দিয়ে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে লাশ সন্ধান করা হয়। ১০০ ফুট উঁচু দিয়ে ওড়া হেলিকপ্টার থেকে দুরবিনের সাহায্যে অনুসন্ধান চালানো হয়। তবে লাশ পাওয়া যায়নি। তিনি বলেন, লাশ পাওয়ার আর কোনো সম্ভাবনা না থাকায় বিকেল সাড়ে তিনটায় তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। তবে কেউ লাশের সংবাদ দিলে তাঁরা তাৎক্ষণিক সেখানে গিয়ে লাশ উদ্ধার করবেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তল্লাশি দলের নেতৃত্ব দেওয়া সদরঘাট ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তাঁদের কাছে নিখোঁজের কোনো খবর নেই। আর লাশ পাওয়ার সম্ভাবনাও নেই।মামলা: দুর্ঘটনার ব্যাপারে মঙ্গলবার গভীর রাতে সাভার থানায় বাসচালকের বিরুদ্ধে একটি মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। মামলায় চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালিয়ে প্রাণহানির অভিযোগ আনা হয়েছে।বৈশাখী পরিবহনের চেয়ারম্যান জানিয়েছিলেন, বাসচালক নিহত হয়েছেন বলে তাঁরা ধারণা করছেন।আইএসপিআরের বক্তব্য: আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, প্রতিকূল অবস্থা সত্ত্বেও সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা সফল অভিযান পরিচালনা করেছেন। তবে স্বল্প নাব্যতা, সেতুর স্বল্প উচ্চতা ও উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের নিচু অবস্থানের জন্য ঘটনাস্থলে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ব্যবহার করা সম্ভব হয়নি। সময় নষ্ট না করে সেনাবাহিনীর রিভারাইন ইঞ্জিনিয়ার্স ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। কঠোর ও বিপৎসংকুল পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ডুবুরিরা।