সেই বিএনপি নেতা ‘উধাও’, গুপ্তহত্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৮৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আতাউর রহমানকে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের আশঙ্কা, আতাউর রহমান গুপ্তহত্যার শিকার হতে পারেন।আতাউর রহমান যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় লিটু কাজী নামে পরিচিত। তিনি বিএনপির সাবেক সাংসদ সালাহ্ উদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আতাউর রহমানের বাড়ির নিচতলার বালুর ঢিবি থেকে ৩৪টি ককটেল ও আটটি পেট্রলবোমা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আতাউরসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।গত শুক্রবার যাত্রাবাড়ী থানায় করা সাধারণ ডায়েরিতে আতাউর রহমানের স্ত্রী রাশিদা আক্তার অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আতাউর রহমান দয়াগঞ্জের দিকে গেলে সাদা পোশাকধারী কিছু লোক তাঁকে উঠিয়ে নিয়ে যায়।সরেজমিনে গিয়ে জানা গেছে, দয়াগঞ্জ, মীর হাজীরবাগ ও যাত্রাবাড়ী এলাকার স্থানীয় লোকজন প্রায় সবাই আতাউরকে চেনে। রাজনৈতিক নেতার চেয়ে তাঁর বেশি পরিচিতি চাঁদাবাজ ও মাস্তান হিসেবে। দয়াগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে তাঁকে দয়াগঞ্জের একটি ফোন-ফ্যাক্সের দোকানে দেখা যায়। সেখান থেকে তাঁকে সাদা পোশাকধারী লোকজন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পুলিশের গা নেই: গতকাল রোববার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই।’ এ বিষয়ে জিডি হয়েছে জানানোর পর তিনি বলেন, ‘ঠিক আছে, আমি দেখছি।’ অথচ জিডির অনুলিপিতে দেখা যায়, ওসি নিজেই একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন।জিডির অনুলিপিতে লেখা তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আবদুল মোতালেবকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে আতাউর রহমানকে চেনেন না বলে জানান। পরে জিডির বিষয়ে জানানোর পর তিনি বলেন, তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে কেউ হারিয়ে গেলে পুলিশ সারা দেশের থানায় বার্তা পাঠায়। এ ক্ষেত্রেও তা-ই করা হয়েছে। খোঁজাখুঁজি: আতাউর রহমানের স্ত্রী রাশিদা বেগম প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত নয়টার দিকে পরিচিত একজন ফোন করে জানান, দয়াগঞ্জ থেকে তাঁকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোক। এলাকার লোকজন বলাবলি করছে, তাঁরা র‌্যাব বা ডিবির লোক হতে পারেন। এরপর আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো হদিস পাইনি।’ আশঙ্কা প্রকাশ করে রাশিদা বেগম বলেন, ‘আমাগো খালি একটাই চিন্তা, তারে ক্রসে (ক্রসফায়ার) দিল কি না। সে যদি অপরাধী হইয়াই থাকে, তবে তারে জেলে রাইখা বিচার করুক।’আতাউর রহমানের বাবা কাজী সাইদুর রহমান বলেন, শুক্রবার তিনি র‌্যাব-১০-এর কার্যালয়ে গিয়েছিলেন ছেলের খোঁজে। র‌্যাব-১০ কার্যালয়ের প্রধান ফটকে আতাউরের খোঁজ জানতে চাইলে র‌্যাবের এক সদস্য বলেন, ‘বোমা মামলার লিটু?’ অন্য একজন র‌্যাব সদস্য তাঁকে ইশারা দিলে তিনি আর কোনো কথা বলেননি। তবে র‌্যাব-১০-এর একজন কর্মকর্তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তাঁরা আতাউরকে ধরেননি।আতাউরের বাবা বলেন, ‘আমরা খালি চাই পোলাডা ফির‌্যা আসুক। সে যদি অপরাধী হয়, তাইলে যেন আইনে তারে ধরে। তারে যেন মাইরা না ফালায়।’আতাউরের স্ত্রী রাশিদা বলেন, শনিবার ডিবির কর্মকর্তারা বাসায় এসেছিলেন। আতাউর পলাতক থাকার সময় কোথায় কোথায় ছিলেন তাঁরা সেসব জানতে চেয়েছেন। ডিবির কর্মকর্তারা বলেছেন, তাঁরা আতাউরকে ধরেননি।কেউই ধরেনি তাঁকে!: বোমা উদ্ধারের পর আতাউরের বিরুদ্ধে হওয়া মামলার তদারককারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, ‘আতাউর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ ধরে নিয়ে গেছে বলে শুনেছি। তবে কে ধরে নিয়ে গেছে, সে বিষয়টা আমরা কনফার্ম (নিশ্চিত) না। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাঁর পরিবারের সঙ্গে কথাও হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ প্রথম আলোকে বলেন ‘আমরা (র‌্যাব-১০) তাঁকে ধরিনি, এটা আপনাকে কনফার্ম (নিশ্চিত) করছি।’