সেই বিচারকের বিরুদ্ধে অভিযোগপত্র
ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিউমার্কেট থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, জাবেদ ইমাম যশোর সদর থেকে নিজে মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন। ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ।আটকের পর নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে জাবেদ ইমাম ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন। ২ ডিসেম্বর বিচারক জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।৬ ডিসেম্বর জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ (রমনা) পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ অপরাধ বিভাগ থেকে প্রত্যাহারের আদেশ দেন আদালত। পরে এই আদেশ স্থগিত করেন হাইকোর্ট। বর্তমানে জাবেদ ইমাম কারাগারে আছেন।