সেই বিদ্যালয়টি শিশুদের পদচারণে মুখরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গড়ে তোলা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি শিক্ষার্থীদের পদচারণে এখন মুখরিত। ২০০৮ সালের ৩১ আগস্ট প্রথম আলোর ‘আলোকিত দক্ষিণ’ পাতায় চুয়াডাঙ্গা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর তত্কালীন জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। তহবিল সংগ্রহের পাশাপাশি উপযুক্ত জায়গার সন্ধানে নামেন তিনি। স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দানশীল মানুষের সহায়তায় গত বছরের প্রথম দিকে শহরতলী দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের উত্তর পাশে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন জানান, সাবেক জেলা প্রশাসকের সময় নির্মাণকাজ শুরু হয় এবং বর্তমান জেলা প্রশাসক ভোলানাথ দে’র তত্ত্বাবধানে চারকক্ষের এই নতুন ভবনের নির্মাণকাজ গত বছরেই সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নভেম্বর মাস থেকে নতুন ভবনে পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক ভোলানাথ দে বলেন, ‘নির্মাণকাজ সম্পন্ন করার মধ্য দিয়ে শিশুদের জন্য একটি নিরাপদ শিক্ষাভবন গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করি। খুব শিগগিরই বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।’ এদিকে ৩ ফেব্রুয়ারি সরেজমিন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ভবনে ক্লাস করতে দেখা যায়। ভবনের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং বারান্দায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠদান করানো হচ্ছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাশেদ আলী জানায়, নতুন স্কুলে কোনো পায়খানা ও নলকূপ না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৬৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের একটি পরিত্যক্ত ভবনে ১৯৮৯ সালে পথকলি ট্রাস্ট নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে এর নামকরণ করা হয় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়।