সেই বিদ্যালয়ের তালা ভাঙা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ দিন তালাবদ্ধ থাকার পর যশোরের মনিরামপুর উপজেলার বাকোসপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী ও অফিস কক্ষের তালা ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমার নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ওই তালা ভাঙা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, মনিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোশারফ হোসেন ও অভিভাবকেরা।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙে দেওয়ার নির্দেশ দিলে স্কুলের দপ্তরি হাতুড়ি দিয়ে সাতটি শ্রেণীকক্ষ ও অফিস কক্ষের তালা ভেঙে দেন। তালা ভাঙার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উল্লাস করে। কাল বুধবার থেকে যথানিয়মে পাঠদান শুরু করা হবে বলে তিনি জানান।এ ব্যাপারে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ৪০ দিন বিদ্যালয় বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। ৪০ দিন আগে যশোর-৫ (মনিরামপুর) আসনের আওয়ামী লীগ-সমর্থিত সাংসদ খান টিপু সুলতানের অনুসারী মোশারফ হোসাইন ওরফে মাসুদের সমর্থকেরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। সেই থেকে বিদ্যালয়টি বন্ধ ছিল।