সেই ব্রিজটি আজও হলো না
মুক্তিযুদ্ধের ৪০ বছর পরও সোনাবাজু গ্রামে তুলসীগঙ্গা নদীর ওপর সেতুটি পাকা হলো না। দেশের টানেই মুক্তিযুদ্ধের সময় সাত কৃষক জীবন দিয়ে ডিনামাইটের সাহায্যে ব্রিজটি উড়িয়ে পাকস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করেন। সেই যে ব্রিজটি গেল, দেশ স্বাধীনের পর স্মৃতিবিজড়িত ওই নদীতে আজও আর ব্রিজ হলো না। সেই অভিযানে শহীদ দীনেশ চন্দ্র হালদারের ছোট ভাই পাটপাড়া পোস্ট অফিসের মাস্টার নিখিল চন্দ্র হালদার জানান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। নাটোর শহর থেকে গুরুদাসপুরে ঢোকার একটি মাত্র সড়ক ছিল, গুরুদাসপুর-নাটোর সড়ক। দেশি দালালদের সহায়তায় ভারী যুদ্ধযান নিয়ে পাকস্তানি বাহিনী গুরুদাসপুরে ঢুকছিল। শত্রুদের ঠেকাতে পাটপাড়া গ্রামের সাত কৃষক মুক্তিযোদ্ধা মছের উদ্দিন, নাছির উদ্দিন, আক্কাছ আলী, বানেশ্বর হালদার, গোসাইদ্দ হালদার, দীনেশ হালদার ও তারাপদ হালদার তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। ফলে পাকস্তানি বাহিনীর হাত থেকে বাঁচেন এলাকাবাসী। কিন্তু এরপর ৪০ বছর পার হয়ে গেছে। সেই স্মৃতিবিজড়িত ব্রিজটি আর তৈরি করা হয়নি।এলাকাবাসী জানান, একাত্তুরে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সওজ কর্তৃপক্ষ কোনো রকমে তা সংস্কার করেই দায়িত্ব সারে। ১৯৮৮ সালের বন্যায় সেটি আবার ক্ষতিগ্রস্ত হয়। তখন বিকল্প সড়ক না থাকায় ওই ব্রিজের ওপর দিয়েই ভারী ও মাঝারি যানবাহন চলাচল করতে থাকে। ১৯৯১ সালের দিকে ব্রিজের ঢালাই খুলে পড়লে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন গুরুদাসপুর বাস-ট্রাক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে কোনো রকমে যানবাহন চলাচল টিকিয়ে রাখে।গ্রামের কলেজশিক্ষক ওসমান গনি জানান, ২০০১ সালে ব্রিজটির প্রায় ১০ কিলোমিটার দূর দিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক নির্মিত হওয়ায় ভারী যানবাহন ওই পথেই চলাচল করতে থাকে। স্থানীয় অধিবাসীরা বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। এ নিয়ে সে সময় প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সওজ বিভাগ বিধ্বস্ত ইটের ব্রিজের ওপর স্টিল ব্রিজ নির্মাণ করে। বর্তমানে স্টিলের অবকাঠামোটি ঠিক থাকলেও ওপরের কাঠের পাটাতনটি নষ্ট হয়ে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ব্রিজটি। গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল ওহাব বলেন, দেশের জন্য যাঁরা জীবন দিলেন তাঁদের স্মৃতি ধরে রাখতেও তো এখানে একটি ব্রিজ নির্মাণ করা দরকার। নাটোর সওজের নির্বাহী প্রকৌশলী কে এম গোলাম মোস্তফা ফোনে বলেন, ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। আগামী শুকনো মৌসুমে ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।