সেই ভবনটির অংশবিশেষ ভেঙে ফেলেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম ধানমন্ডির অনুমোদনহীন সেই ভবনটির অংশবিশেষ আজ মঙ্গলবার ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোয়া এক কাঠা জমির ওপর বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল।প্রত্যক্ষদর্শী ও রাজউক সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অন্তত ২৫ জন শ্রমিক অংশ নেন। তাঁরা ওই ভবনের তিনতলা থেকে ভাঙার কাজ শুরু করেন। বিকেল পাঁচটা পর্যন্ত ১৩৭, পশ্চিম ধানমন্ডির বাসিন্দা আলতাফ বিশ্বাসের ওই ভবনটি উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তাঁদের নিরাপত্তা বিধান করে।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমোদন ছাড়াই আলতাফ হোসেন ওই বাড়ির নির্মাণকাজ করছিলেন। মোটা কলাম ভেঙে দেওয়ায় আলতাফ আর ওপরে সম্প্রসারিত করতে পারবেন না। তিনি বলেন, রাজউকের অনুমোদন না নেওয়ায় পুরো ভবনটিই ভেঙে ফেলার কথা। কিন্তু পারিপার্শ্বিক ও মানবিক দিক বিবেচনায় নিয়ে বাড়িওয়ালার অবস্থান নেওয়া অংশ ও নিচতলায় ভাড়া দেওয়া অংশ ভেঙে ফেলা হয়নি। অনুমোদনের জন্য ১৯৯৫ সালে রাজউকে নকশা জমা দিয়েছেন বলে মালিক দাবি করলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।ম্যাজিস্ট্রেট বলেন, মাস চারেক আগে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই একটি কলাম ভেঙে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু পরে ওই ভাঙা কলামের ওপর আবার আস্তর দেওয়া হয়।রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, বাড়ির মালিক আগামী এক মাসের মধ্যে অনুমোদনহীন স্থাপনা সরিয়ে নিতে লিখিত অঙ্গীকার করেছেন। তাই বাড়ির মালিককে উচ্ছেদ করা হয়নি।গত বছরের ৬ জুন বাড়িটির মালিককে রাজউকের দেওয়া চূড়ান্ত নোটিশে বলা হয়, ‘রাজউক অনুমোদিত নকশা (মঞ্জুরি) দাখিলের নোটিশ দেওয়ার পরও আপনি নকশা দাখিল করেননি। বর্তমানে ভবনটি কেন ভেঙে ফেলা বা নির্মাণকাজ বন্ধ করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আপনারা ব্যর্থ হয়েছেন এবং নির্মাণকাজ বন্ধ করেননি। এটা ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩/বি ধারার পরিপন্থী এবং আইনের প্রতি অশ্রদ্ধার শামিল।’