সেই মজুমদার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকেন্দ্রিক আন্তর্জাতিক মুদ্রা জালিয়াত চক্রের সমন্বয়কারী সেই সোলায়মান মজুমদারকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৩ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।সোলায়মান মজুমদারকে গতকাল বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে দুপুরে ডিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মজুমদারকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, মজুমদার পাকিস্তানকেন্দ্রিক আন্তর্জাতিক মুদ্রা জাল করা চক্রের বাংলাদেশের প্রধান সমন্বয়কারী। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে ২০০৭ সালে প্রথম জেএমবির সঙ্গে মজুমদারের সম্পৃক্ততার কথা শোনা যায়। এরপর এ বছর জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান গ্রেপ্তারের পর তিনি জেএমবির অর্থ জোগানদাতা হিসেবে মজুমদারের নাম বলেন। এখন তদন্তে সাইদুরের বক্তব্যের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নের অভিযোগে মামলা করা হবে। এ ছাড়া এর আগে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি ও ভারতীয় মুদ্রা জালিয়াত চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেও এ চক্রের সমন্বয়কারী হিসেবে মজুমদারের নাম আসে।ডিবির উপকমিশনার জানান, মজুমদার প্রায় ১০ বছর ধরে মুদ্রা জালিয়াতি করছেন। তিনি উপমহাদেশীয় একটি চক্রের প্রধান। তাঁর চক্রটি পাকিস্তান থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা ছাপিয়ে তা বাংলাদেশে আনে। এরপর জাল মুদ্রাগুলো এ দেশ ছাড়াও ভারত ও নেপালে বাজারজাত করে। তিনি বলেন, মজুমদার গত ফেব্রুয়ারিতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিন পান।মনিরুল ইসলাম জানান, বাংলাদেশে আট-নয়জন ডিলারের মাধ্যমে জাল মুদ্রা ছড়িয়ে দেন মজুমদার। এই ডিলারদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। সর্বশেষ গ্রেপ্তার হন রফিকুল ইসলাম। তাঁদের কাছেও চক্রের প্রধান হিসেবে মজুমদারের নাম পাওয়া গেছে।তবে সংবাদ সম্মেলনে মজুমদার দাবি করেন, তিনি জাল মুদ্রার কারবার করেন না। ভারতে বেড়াতে যাওয়ার জন্য আমান নামের একজনের কাছ থেকে তিনি মুদ্রাগুলো কিনেছিলেন। তিনি জানেন না, এগুলো নকল, না আসল। মুদ্রা বিক্রেতা আমান নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তিনি জেএমবির সাইদুরকে চেনেন না। টিভি ও পত্রিকায় তাঁর চেহারা দেখেছেন। জেএমবির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।মজুমদারকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার গোলাম আজাদ খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় রামপুরার বনশ্রী আবাসিক এলাকার বি ব্লকের ৬ নম্বর রোডের ১৬/এ নম্বর বাসা থেকে মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় এক হাজার রুপির ৩৭টি এবং ৫০০ রুপির ৩৩টি জাল নোট উদ্ধার করা হয়।