সেই মজুমদার গ্রেপ্তার, সাংবাদিকদের সামনে হাজির
গোয়েন্দা পুলিশ (ডিবি) পাকিস্তানকেন্দ্রিক আন্তদেশীয় মুদ্রা জালিয়াত চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশি নাগরিক সোলায়মান মজুমদারকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুরে তাঁকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।এ সময় সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে সোলায়মান মজুমদারকে গ্রেপ্তার করা হয়। ডিবির সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক হাজার রুপি মূল্যমানের ৩৭টি জাল নোট এবং ৫০০ রুপি মূল্যমানের ৩৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মজুমদারের সঙ্গে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে গ্রেপ্তার জেএমবির প্রধান সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের সময় মজুমদারের নাম এসেছিল। তবে সোলায়মান মজুমদার মুদ্রা জাল করার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেওয়া আমান নামের একজনের কাছ থেকে তিনি মুদ্রাগুলো কিনেছেন।প্রসঙ্গত, এই মজুমদার গত ফেব্রুয়ারিতে এক সহযোগীসহ একবার ধরা পড়লেও পাঁচ সপ্তাহের মাথায় জামিনে বেরিয়ে পাকিস্তান চলে যান। এরপর আবার তিনি পাকিস্তান থেকে জাল ভারতীয় রুপি ও মার্কিন ডলার ছেপে আকাশপথে বাংলাদেশ হয়ে ভারত ও নেপালে বাজারজাতের কারবার শুরু করেন। এ ব্যাপারে নানা তথ্যপ্রমাণ পাওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মজুমদারকে ধরার জন্য মাঠে নামে।গোয়েন্দা সূত্র জানায়, অভিযোগ আছে, পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার হয়ে মজুমদার এ দেশে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের (হুজি) মতো জঙ্গি সংগঠনকে ভারতীয় জাল মুদ্রার কারবারে সম্পৃক্ত করেছেন। কয়েক বছরে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া জাল মুদ্রার কারবারিদের কাছ থেকে উভয় দেশের গোয়েন্দারা এ তথ্য পান।