১৯৫২-এর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সভায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে আমিও ছিলাম। আমি তখন ঢাকা রিকশা মজদুর ইউনিয়নের সম্পাদক ছিলাম। ওই সভায় আমরা ৩০ জন উপস্থিত ছিলাম। সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সভা চলাকালে আমরা জানতে পারি, সরকার প্রাদেশিক আইন পরিষদ এলাকাসহ সমগ্র ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা ২০ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে অনির্দিষ্টকালের জন্য বলবত্ থাকবে।১৪৪ ধারা জারির সংবাদ পেয়ে আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় সে বিষয়ে আলোচনা করি এবং তারপর প্রস্তাব উত্থাপন করা হয়, ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে প্রাদেশিক আইন পরিষদে মিছিলসহকারে গিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি-সংবলিত স্মারকলিপি প্রাদেশিক মুখ্যমন্ত্রী, স্পিকার ও এমএলএদের হাতে পৌঁছানো হবে।যতদূর মনে পড়ে, বায়ান্নর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা শেষ হওয়ার পর ওই দিন সন্ধ্যা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এসএম হলে এম আর আখতার মুকুল মাইকযোগে প্রচার চালান, ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে প্রাদেশিক আইনসভায় গিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবির স্মারকলিপি দেওয়ার।বায়ান্নর ২১ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ও মধুর ক্যান্টিনে ছাত্র-জনতা এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সবাই উপস্থিত হতে থাকেন এবং অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আমতলায় তাত্ক্ষণিক এক সভার আয়োজন করা হয়। সভায় ছাত্র ইউনিয়নের অন্যতম নেতা ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক আবদুল মতিন তাঁর বক্তব্যে গণবিরোধী মুসলিম সরকার কর্তৃক জারি করা ১৪৪ ধারা ভেঙে ১০ জনের একটি করে দল স্মারকলিপিসহ প্রাদেশিক আইন পরিষদে মিছিলসহকারে যাওয়ার আহ্বান জানান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকের রাস্তায় ১০ জনের একটি করে দল গিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ধ্বনি দিতে থাকে, ‘১৪৪ ধারা মানি না, মানব না; ১৪৪ ধারা প্রত্যাহার কর, রাষ্ট্রভাষা বাংলা চাই’।১৪৪ ধারা ভঙ্গকারী দলগুলোর সবাইকেই পুলিশ গ্রেপ্তার করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। অবিরাম কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতে থাকে। আমরা তখন কাপড় ভিজিয়ে নিজেদের চোখ বাঁচানোর চেষ্টা করছিলাম। পরে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশ দিয়ে একদল ছাত্র দেয়াল টপকে মেডিকেল কলেজের পূর্ব প্রাঙ্গণে ঢুকে পড়েন এবং একটি ইটের প্রাচীর ভেঙে ফেলেন। ছাত্র-জনতাসহ আমরা ওই প্রাঙ্গণে ঢুকে পরে আবার আমরা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, ১৪৪ ধারা মানি না, মানব না’ এবং ‘১৪৪ ধারা প্রত্যাহার কর’ স্লোগান দিচ্ছিলাম। অবশ্য সেখানেও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছিল।হাসপাতালের পূর্ব ও উত্তর দিকের রাস্তা পুলিশের দখলে থাকায় আমরা আইন পরিষদের দিকে পা বাড়াতে পারছিলাম না। পুলিশ হঠাত্ গুলি চালায় এবং সে গুলির আঘাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর-পূর্ব দিকের প্রধান ফটকের সামনে কয়েকজন প্রাণ হারান।পুলিশ দ্বিতীয় দফায় গুলি চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস লক্ষ্য করে। আমরা ছাত্র-জনতা বিক্ষোভকারীরা সেই ছাত্রাবাসের ভেতরে-বাইরে অবস্থান নিচ্ছিলাম। দ্বিতীয় দফায় চালানো গুলির আঘাতে শাহাদত বরণ করেন ভাষাসৈনিক বরকত, সালাম, জব্বার, রফিক, সালাউদ্দিনসহ নাম না জানা আরও কয়েকজন।বায়ান্নর ভাষাসৈনিকদের ওপর তৃতীয় দফা গুলি চালানো হয় ২২ ফেব্রুয়ারি। সেদিন ২১ ফেব্রুয়ারিতে গুলি চালিয়ে হত্যা করার প্রতিবাদে সচিবালয়, হাইকোর্টসহ সব সরকারি-আধা সরকারি ও ঢাকা রেলওয়ে ওয়ার্কশপের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি করে রাস্তায় নেমে পড়েন। তাঁদের সঙ্গে স্বতঃস্ফূর্ত মিছিলে অংশ নেয় ঢাকার ছাত্র-জনতা ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। মিছিলটি সাবেক হাইকোর্ট ও কার্জন হলের মধ্যবর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ হঠাত্ মিছিলে গুলি চালায়। এ সময়ে শফিউর রহমানসহ কয়েকজন শাহাদত বরণ করেন। অন্যদিকে ২৩ ফেব্রুয়ারি বিপুলসংখ্যক ছাত্র-জনতা নবাবপুর রাস্তা দিয়ে মিছিল করে সদরঘাটের দিকে যাওয়ার জন্য রথখোলা মোড় ও টিপু সুলতান রোডের সংযোগস্থলে পৌঁছালে আবারও পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি চালায়। সেখানে ১০ বছর বয়সী এক ছাত্র শহীদ হয়।আজ থেকে ৫৮ বছর আগের কথা। বর্তমানে আমার বয়স হয়েছে ৮২ বছরের বেশি। বৃদ্ধ অবস্থায় ৫৮ বছর আগেকার ভাষার জন্য যুদ্ধের শহীদদের কথা লিখতে গিয়ে হাত কাঁপছে। যদি কোনো ভুল হয়, তাহলে আমি ক্ষমা প্রার্থী।বায়ান্নর ২১ ফেব্রুয়ারির মর্মস্পর্শী হূদয়বিদারক ঘটনার কথা স্মরণ হলে আজও আমি শিউরে উঠি। চোখের অবাধ্য নোনাজলের বন্যা সামাল দিতে অক্ষম হয়ে পড়ি।দেওয়ান আব্দুস সেলিম: ভাষাসৈনিক।