সেই মাদ্রাসা শিক্ষকের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে হরতাল চলাকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক আবদুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আবদুর রশীদকে পাঁচ দিনের রিমান্ডে নিতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ১৪ নভেম্বর আদালতে আবেদন করেন। জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নুরুজ্জামান সরকার শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন।আদালতের নির্ধারিত তারিখ অনুযায়ী আজ আবদুর রশীদকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ নভেম্বর জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মাদ্রাসাছাত্র বদিউজ্জামান নিহত হন। এর প্রতিবাদে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ১২ নভেম্বর জয়পুরহাটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে শিবির। হরতালের সময় জয়পুরহাট-বগুড়া সড়কের সদর উপজেলার হিচমী বাজারে ক্ষেতলাল থানা পুলিশের কনস্টেবল গোলাম মোস্তফাকে দুপুরের দিকে শিবিরের নেতা-কর্মীরা জখম করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জন জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে সদর থানায় মামলা করে। ১৪ নভেম্বর মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদকে সদর উপজেলার হানাইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ওই মাদ্রাসা শিক্ষকের বাসা থেকে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন বইপত্র, সাংগঠনিক কাগজপত্র, ডায়েরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে।