সেই মার্কিন নাগরিক মার্কের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলার শিকার বাংলাদেশির ক্ষমা প্রদর্শনের উদ্যোগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হত্যার দায়ে অভিযুক্ত মার্ক অ্যান্থনি স্ট্রোম্যানের (৪১) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় টেক্সাসের কারাগারে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।মার্কের হত্যাচেষ্টার শিকার বাংলাদেশি নাগরিক রইস ভূঁইয়া তাঁকে ক্ষমা প্রদর্শনের বিরল উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু খুনির প্রতি তাঁর অনুকম্পার সব উদ্যোগ ব্যর্থ হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানবিদ্বেষী মনোভাব চাঙা হয়ে ওঠে। সে সময় শ্বেতাঙ্গ চরমপন্থীদের হামলার শিকার হয় বহু নিরীহ মানুষ। বিশেষ করে, মুসলমান সন্দেহে নির্বিচারে হামলার শিকার হয় দক্ষিণ এশীয় ও মধ্যপ্রাচ্যের অভিবাসীরা। ওই ঘটনার পরপরই টেক্সাস অঙ্গরাজ্যের শ্বেতাঙ্গ অপরাধী চক্রের সদস্য মার্ক স্ট্রোম্যান হামলা চালান দক্ষিণ এশীয় তিনজন অভিবাসীর ওপর। এর মধ্যে ভারতীয় নাগরিক বাসুদেব প্যাটেল (৪৯) ও এক পাকিস্তানি অভিবাসীকে গুলি করে হত্যা করেন মার্ক। মার্কের গুলিতে গুরুতর আহত হয়ে বাংলাদেশি রইস ভূঁইয়া হাসপাতালে ভর্তি হন। মাথায় গুলিবিদ্ধ হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। বাসুদেব প্যাটেল হত্যার জের ধরে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করে মার্ক স্ট্রোম্যানকে। ৯/১১ ঘটনার জের ধরে মুসলমানদের হত্যা শুরু করেছেন বলে পুলিশের কাছে মার্ক স্বীকারোক্তি দেন।দীর্ঘ আইনি লড়াইয়ের পর টেক্সাসের আদালত হত্যার দায়ে মার্ক স্ট্রোম্যানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। উচ্চ আদালতেও মৃত্যুদণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যাত হয়। রাজ্য গভর্নরের কাছে প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হলে মার্ক স্ট্রোম্যানের মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত হয়।পরিস্থিতি ভিন্ন মোড় নেয় যখন হামলার শিকার রইস ভূঁইয়া মার্ক স্ট্রোম্যানের দণ্ড মওকুফে সক্রিয় হন। রইস বলেন, ‘ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ থেকেই মার্কের অজ্ঞতাকে ক্ষমা করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করি।’ রইস মার্কের দণ্ড মওকুফের জন্য মানবাধিকার সংস্থাসহ ইউরোপীয় ইউনিয়নে পর্যন্ত প্রচারণা অব্যাহত রাখেন।মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগ মুহূর্তেও রইস মার্কের জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যান। কিন্তু টেক্সাসের আদালত রইসের শেষ আবেদনটিও প্রত্যাখ্যান করেন। ঘটনার প্রায় ১০ বছর পর গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা আটটা ৫৩ মিনিটে মার্কের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ঘাতক মার্ক তাঁর কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন।রইসের অনুকম্পার উদ্যোগ নিয়েও এর আগে কথা বলেন মার্ক। তিনি নিজেকে অজ্ঞ ও মূর্খ উল্লেখ করে রইসের মহানুভবতার প্রশংসা করেন। বলেন, মুসলমান মাত্রই যে জঙ্গি ও হত্যাকারী নয়, এ কথা তিনি বুঝতে সক্ষম হয়েছেন।এদিকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান প্রধান সংবাদমাধ্যমে রইস ভূঁইয়ার অনুকম্পার উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে।