সেই মোবারক গাজী দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার সাতক্ষীরার আলোচিত মোবারক গাজীকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ১০ মে সাতক্ষীরার বিচারিক হাকিম মেহেদি-আল-মাসুদের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে একই দিন কালীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে শিশু যৌন নিপীড়নের ঘটনার তদন্তে যান সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনির-উজ-জামান। তিনি কোমরপুর গ্রামের আবদুল মান্নান, বন্দকাটি গ্রামের মো. তজিমুদ্দিন গাজীসহ বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেন।পুলিশ সুপার বলেন, এটি মানবতাবিরোধী ও বর্বর ঘটনা। প্রকৃত হোতাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন বলেন, বন্দকাটি, কোমরপুর ও রায়পুর গ্রামের মানুষ এ সম্পর্কে কথা বলছেন। ইতিমধ্যে কয়েকজন তাঁদের শিশুদের যৌন নিপীড়নের ঘটনার জবানবন্দি দিয়েছেন। অনেকেই এখন প্রতিকারের আসায় এগিয়ে আসছেন। তাঁরা সবাই মোবারক আলী ঘটনার মূল হোতা বলে মনে করছেন।