সেই রহস্যময় তরুণীর পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ২২ থেকে ২৩। উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উনের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে খাটো চুলের সুদর্শনা এক তরুণীকে। কিন্তু কে এই তরুণী?বিশ্ব গণমাধ্যমে কয়েক দিন ধরেই ‘রহস্যময়’ এই তরুণীর পরিচয় নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। তবে আজ মেইল অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই তরুণী একজন পপস্টার। নাম হিওন সং ওল। তিনি বিবাহিত। প্রায় এক দশক আগে উনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। কিন্তু দুজনের সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উনের বাবা কিম জং ইল। ওই তরুণীর সঙ্গে দেখা করার ব্যাপারেও উনকে নিষেধ করেছিলেন কিম জং ইল। কিম জং এখন আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন গত বছরের ডিসেম্বরে। উন-ওলের প্রেমে বাধা দেওয়ারও এখন কেউ নেই।দক্ষিণ কোরিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, কৈশোর বয়স থেকেই দুজনের পরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে।২০০৫ সালের দিকে শিল্পী হিসেবে খ্যাতি পান ওল। উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তাকে বিয়ে করেন তিনি। তাঁদের ঘরে একটি সন্তানও রয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় ডিজনির কার্টুন চরিত্রগুলোকে নিয়ে একটি প্রদর্শনী হয়। সেখানে মিনি মাউস, স্নো হোয়াইট, বিউটি অ্যান্ড দ্য বিস্ট—এসব চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যের প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীতে কিম জং উনের পাশে দেখা যায় ওলকে। তাঁর পরনে ছিল কালো রঙের স্যুট। ওই প্রদর্শনীর পরে আরেকটি অর্কেস্ট্রা অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে দেখা যায় তাঁকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত এক ফুটেজে কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের শেষকৃত্যানুষ্ঠানের ফুটেজও দেখানো হয়। সেখানে কিম জং উনের পাশে ওলকে মৃত কিম ইল সাংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়।দক্ষিণ কোরিয়ার কয়েকটি গণমাধ্যমকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ দুই দিন আগে জানিয়েছিল, ওই তরুণী কিম জং উনের ছোট বোন ইয়ো জং হতে পারেন। ১৯৯০-এর দশকে সুইজারল্যান্ডে উনের সঙ্গে পড়াশোনা করেছেন তিনি। এরপর আর জনসম্মুখে দেখা যায়নি তাঁকে। তবে কিছু গণমাধ্যমের ধারণা ছিল, তিনি কিমের স্ত্রী অথবা প্রেমিকা হতে পারেন। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখনো তাঁর পরিচয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।