সেই লস্কর জঙ্গি আবার গ্রেপ্তার!
১৫ মাস আগে গ্রেপ্তার হওয়া মুবাশ্বের শহীদ নামে এক পাকিস্তানি জঙ্গিকে আবার গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি অভিযানিক দল ৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য মুবাশ্বের শহীদ ওরফে মুবিন ওরফে ইয়াহিয়াকে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।’গ্রেপ্তার হওয়া এ জঙ্গিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০-এর কার্যালয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হলেও তখন মুবাশ্বেরকে নিয়ে কোনো সংবাদ ব্রিফিং করা হয়নি। এমনকি তিনি যে লস্কর-ই-তাইয়েবার জঙ্গি, এ তথ্যও প্রকাশ করা হয়নি। তখন মুবাশ্বেরের বিরুদ্ধে উত্তরা থানায় জাল টাকার মামলা করে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীও তাঁকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয়নি।তখন ওই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপপরিদর্শক পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাল টাকাসহ এই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, মুবাশ্বেরকে মূলত ২০০৮ সালের ২০ ডিসেম্বর আটক করে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা। তিনি উত্তরার ৪ নম্বর সেক্টরে থাকতেন বাসা ভাড়া করে। তিনি দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান করে পাকিস্তান ও ভারতে তৎপর জঙ্গিগোষ্ঠীর সমন্বয়ের কাজ করতেন। পরের বছরের ৬ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রথম আলোতে গত ২২ নভেম্বর এ নিয়ে প্রতিবেদনও ছাপা হয়।১৫ মাস আগে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো এ জঙ্গিকে আবার কীভাবে গ্রেপ্তার করা হলো—জানতে চাইলে র্যাব-১০-এর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মুবাশ্বের গত মঙ্গলবার জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। পরে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, এই জঙ্গি গত বছর গ্রেপ্তার হয়েছিল কি না, তা তিনি জানেন না। এসব বিষয়ে জানার জন্য কিছু সময়ের প্রয়োজন বলে তিনি জানান। এ ছাড়া জঙ্গি হিসেবে গ্রেপ্তার হওয়া কেউ এখন পর্যন্ত জামিন পেয়েছেন বলে তাঁর কাছে তথ্য নেই।গতকাল র্যাব সদর দপ্তর থেকে পাঠানো ‘র্যাবের জঙ্গিবিরোধী ধারাবাহিক অভিযান’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লস্কর-ই-তাইয়েবার একজন সদস্য বাংলাদেশে অবস্থান করে ব্যবসায়ী পরিচয়ে সংগঠনের পক্ষে অর্থ ও তথ্যের বাহক ও সমন্বয়কারী হিসেবে তৎপর রয়েছে’ জানতে পেরে র্যাব-১০ বুধবার রাতে চানখারপুল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। মুবাশ্বের শহীদের বাড়ি পাকিস্তানের করাচির ওয়্যারলেস গেট এলাকায়। তাঁর বাবার নাম শাহেদ শামসি।র্যাব জানায়, মুবাশ্বের ১৯৯৮ সাল থেকে লস্কর-ই-তাইয়েবার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি ২০০৬ সালে বাংলাদেশে আসেন এবং পরে ব্যবসায় লিপ্ত হন। এ ছাড়া বিভিন্ন সময়ে লস্কর-ই-তাইয়েবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গমন করেন।