সেই শাকিল ৮ দিনের রিমান্ডে
বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম ওরফে শাকিলকে আট দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তাজুল ইসলাম হাকিম আদালতে শাকিলকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহ শাকিলকে আট দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, ৯ ডিসেম্বর পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আসামি শাকিল বিশ্বজিৎ দাসকে চাপাতি দিয়ে কোপান, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওচিত্র দেখে শনাক্ত করা হয়।এর আগে এই মামলায় নয় জনকে গ্রেপ্তার করা হলেও এত দিন শাকিল পলাতক ছিলেন। গতকাল শনিবার সকালে বরগুনা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার ১০ জনের মধ্যে শাকিলসহ ছয়জনকে রিমান্ডে নেওয়া হলো।