সেই শিরীষকে শাহরুখের রোলস রয়েস উপহার!
চলতি বছরের জানুয়ারিতে অভিনেতা সঞ্জয় দত্তের পার্টিতে ফারাহ খানের স্বামী শিরীষ কুন্দারের গায়ে হাত তুলেছিলেন শাহরুখ খান। অবশ্য এ ঘটনার পরপরই নিজেদের ভেতরের বিবাদ মিটিয়ে ফেলেছিলেন তাঁরা। সম্প্রতি নিজের কৃতকর্মের দায়মুক্ত হতেই যেন শিরীষকে রোলস রয়েস গাড়ি উপহার দিলেন শাহরুখ।শাহরুখ-ফারাহর বন্ধুত্বের বিষয়টি সবারই জানা। একটা সময় ছিল যখন শাহরুখকে ছাড়া কোনো কাজের কথাই ভাবতে পারতেন না ফারাহ। কিন্তু বিভিন্ন কারণে গত কয়েক বছরে ফাটল ধরতে থাকে তাঁদের বন্ধুত্বে। জানুয়ারিতে সঞ্জয়ের পার্টিতে ফারাহর স্বামী শিরীষের গালে শাহরুখ চড় মেরে বসলে শুরুতে প্রচণ্ড ক্ষিপ্ত হন ফারাহ। কিন্তু শাহরুখ-শিরীষের বিবাদ মিটে যাওয়ার পরপরই শাহরুখ-ফারাহর পুরোনো বন্ধুত্ব যেন আবারও ফিরে এসেছে।এরই মধ্যে ফারাহর নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এ অভিনয়ের জন্য পাকা কথা দিয়ে দিয়েছেন শাহরুখ। এর আগে ফারাহর পরিচালনায় ‘ম্যায় হু না’ (২০০৪) ও ‘ওম শান্তি ওম’ (২০০৭) ছবিতে অভিনয় করেন তিনি।