সেই সংরক্ষিত বাড়িটি ভাঙার অভিযোগে রাজউকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সংরক্ষিত সেই ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার অভিযোগে বাড়ির মালিক, নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটেকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে। আজ শনিবার মামলাটি করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান।তিন আসামি হলেন—বাড়ির মালিক উমানন্দ সাহা, নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ওসমান গণি ও পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।গতকাল শুক্রবার রাজউক বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুল ইসলাম গতকাল শুক্রবার এই জিডি করেন। জিডিতে বলা হয়, বাড়ির মালিক ও ডিজিটেকের নির্বাহী পরিচালক কামরুল ইসলামের যোগসাজশে সংরক্ষিত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। জানা গেছে, কিছুদিন আগে ফরাশগঞ্জ বি কে দাস রোডের ২৬ নম্বর বাড়িটির ছাদ এবং পার্শ্ববর্তী দেয়াল ভাঙা শুরু হয়। এ কারণে কয়েক দিন আগে ছাদের একাংশ ধসে পড়ে। ধসে পড়ার এ ঘটনাকে কেন্দ্র করে নির্মাতা প্রতিষ্ঠান গত সোমবার পুরো বাড়িটি ভাঙার কাজ শুরু করে। রাজউকের জিডির পর বাড়িটির ভাঙার কাজ বন্ধ রয়েছে। তবে এলাকাবাসী বলছে, রাতের বেলায় ভাঙার কাজ এখনো চলছে।উল্লেখ্য, ১০ আগস্ট প্রথম আলোতে ‘বহুতল গড়তে ভাঙা হচ্ছে সংরক্ষিত ভবন’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই রাজউকের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, এ বাড়ি ভাঙা এবং নতুন করে নির্মাণের কোনো অনুমতি দেবে না রাজউক। এ জন্য নতুন নকশাও অনুমোদন করা হবে না। তিনি আরও বলেন, নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া সংরক্ষিত বাড়ি এবং সংরক্ষিত সাতটি এলাকার কোনো স্থাপনা ভাঙা যায় না।বিভিন্ন সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গঠিত ‘নগর উন্নয়ন কমিটি’র অনুমতি ছাড়া কোনো সংরক্ষিত ভবন ভাঙা বা পুনর্নির্মাণ করা যায় না। ফরাশগঞ্জের বাড়িটি এ কমিটির সুপারিশের ভিত্তিতে সংরক্ষিত ঘোষিত রাজধানীর সাতটি এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তা এবং ৯৩টি বাড়ি ও স্থাপনার অন্যতম।ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বের কারণে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার ৯৩টি ভবন ও সাতটি রাস্তা সংরক্ষিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।