সেই সব মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ছেঁড়া ছেঁড়া অজস্র সোনালি মুহূর্ত। কোনো কোনোটি সাক্ষী হয়ে আছে অতিমানবীয় ফুটবল কীর্তির। কোনোটি আবার জন্ম দিয়েছে নির্মল হাস্যরসের। কোনোটি এতটা নিরীহ নয়, রক্তাক্তও! সেই সব টুকরো মুহূর্তের কয়েকটি...২১ জুন, ১৯৭০ব্রাজিলিয়ানরা দাবি করতেই পারে, বিশ্বকাপের ছেঁড়া ছেঁড়া অজস্র সোনালি মুহূর্তের মধ্যে সবার সেরা মুহূর্ত ফাইনালে ইতালির বিপক্ষে কার্লোস আলবার্তোর গোলটিই। ম্যাচের ৮৫ মিনিটের মতো চলছে, ৩-১ গোলে এগিয়ে। ব্রাজিলের শিরোপা নিশ্চিত। সেই সময় ইতালির চারজনকে পাশ কাটিয়ে বল নিয়ে ঢুকে গেলেন ক্লোদোয়ালাদো। পাস দিলেন রিভেলিনহো। বাঁয়ের উইংয়ে থাকা জেয়ারজিনহোকে নিখুঁত একটা পাস দিলেন তিনি। সেখান থেকে পেলে। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামা পেলে দারুণভাবে বাড়িয়ে দিলেন কার্লোস আলবার্তোকে। পাসিং ফুটবলের অনিন্দ্য সুন্দর এক নিদর্শন। এবং গোল!২২ জুলাই, ১৯৮৬ওহ্ ছিয়াশি বিশ্বকাপ? তা হলে স্মরণীয় মুহূর্ত তো অবশ্যই...কোনটা বেছে নিতে চান? ‘হ্যান্ড অব গড’, নাকি ‘গোল অব দ্য সেঞ্চুরি’? দুটো কীর্তিই ডিয়েগো ম্যারাডোনার। খেলার উত্তেজনার সঙ্গে রাজনীতির...।৩০ জুলাই, ১৯৬৬৪৪ বছর পেরিয়ে গেছে। পেরিয়ে যাবে অর্ধ শতাব্দী, শতাব্দী...হয়তো সহস্রাব্দও। কিন্তু এই বিতর্ক কখনোই শেষ হবে না—ফাইনালে ১০১ মিনিটে জিওফ হার্স্টের নেওয়া শটটা যে ক্রসবারে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছিল, সেটি কি গোললাইন অতিক্রম করেছিল? নাকি করেনি?৭ জুন, ১৯৭০শূন্যে লাফিয়ে উঠলেন পেলে। জালের অরক্ষিত প্রান্ত তাক করে নিলেন জোরালো হেড। বল ছুটছে। নিশ্চিত গোল। ঠিক যেন মাটি ফুঁড়ে আবির্ভূত হলো ইংলিশ গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসের। ভোজবাজির মতো দৃশ্যপটে হাজির তিনি। দুর্দান্ত এক সেভ। বিশ্বকাপের সর্বকালের সেরা সেভগুলোর একটি তো বটেই। গ্রুপ পর্বে ম্যাচটা ইংল্যান্ড ০-১ গোলে হেরেছে শেষ পর্যন্ত। কিন্তু গুয়াদালহারায় ব্যাঙ্কসের সেই সেভ হয়ে গেছে ইতিহাস।৯ জুলাই, ২০০৬জিনেদিন জিদান ফিরেছিলেন। ফিরেছিলেন অবসর ভেঙে। সেই কী এক রূপকথার মতো প্রত্যাবর্তন! সবাইকে চমকে দিয়ে ফাইনালে ফ্রান্স, গ্রুপ পর্বই যারা পেরিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে (১ জয়, ২ ড্র)। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন জিদান। ১২ মিনিট পর গোল শোধ করে দিলেন মার্কো মাতেরাজ্জি। ফাইনালের দুই গোলদাতা শেষ পর্যন্ত মুখোমুখি অন্য এক লড়াইয়ে। কথা দিয়ে আঘাত করেছিলেন মাতেরাজ্জি। আর জিদান পাল্টা জবাব দিয়েছিলেন ঢুস মেরে।৮ জুলাই, ১৯৮২আর সবাই ভুলে যেতে পারে, কিন্তু দিনটার কথা আজীবন মনে রাখবেন হ্যারল্ড শুমাখার। জার্মান এই সাবেক গোলরক্ষকই যে একমাত্র ব্যক্তি, বিশ্বকাপ কেড়ে নিয়েছে যাঁর চার চারটি দাঁত! ১৯৮২ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি-ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ফ্রান্স ডিফেন্ডার প্যাট্রিক বাতিস্তন গিয়ে পড়েছিলেন শুমাখারের মুখের ওপর। চারটি দন্ত বিসর্জন, বিনিময়ে জার্মানির জয়!২১ জুন, ১৯৮২সেবার গ্রুপ পর্বেই আরেক নাটক দেখে এসেছে ফ্রান্স। কুয়েতের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে ছিল ফরাসিরা। এমন সময় অ্যালাইন জিরেসের গোল। কিন্তু কিছুতেই মেনে নেবে না কুয়েতিরা। পরিস্থিতি এমন দাঁড়াল, ভিআইপি বক্স থেকে নেমে এলেন কুয়েতি আমিরের ভাই এবং ফুটবল ফেডারেশনের প্রধান শেখ ফাহাদ আল-আহমেদ। তাঁর হম্বিতম্বিতে গোলটাই বাতিল করে দিলেন রেফারি মিরোস্লাভ স্টুপার। ফলাফল, স্টুপারের ক্যারিয়ারটাই শেষ!১৬ জুন, ২০০৬স্বপ্নের মতো এক গোল করে বসলেন আর্জেন্টিনার এস্তেবান ক্যাম্বিয়াসো। সার্বিয়া-মন্টেনেগ্রোকে পাসিং ফুটবলের গোলকধাঁধায় ফেলে ২৬ পাসে বল ঢুকল জালে। ভাষার সাধ্য কী সেই গোলের বর্ণনা দেয়!১৯ জুলাই, ১৯৬৬অচেনা-অজানা উত্তর কোরিয়া বিশ্বকাপটা শুরুই করেছিল ০-৩ গোলে সোভিয়েত কমরেডদের কাছে হেরে। সেই কোরিয়া ইতালিকে বধ করে চলে গেল দ্বিতীয় রাউন্ডে! পাক দু-ইক করেন একমাত্র গোল, লি চ্যাং মায়াং করেছেন দুর্দান্ত সেভ।২ জুন, ১৯৬২চিলি বনাম ইতালি ফুটবল খেলা নয়, ম্যাচটিকে ইতিহাস চেনে ‘ব্যাটল অব সান্তিয়াগো’ নামে। রেফারি কেন অ্যাস্টনের মনে হচ্ছিল, তিনি যেন আবার ফিরে গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে! এই ম্যাচটাই গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল ব্রিটিশ রেফারি অ্যাস্টনকে। ফুটবলের মোড় ঘুরিয়ে দেওয়া যে কটি নিয়ম চালু হয়েছে, তারই একটিতে অবদান রাখল সান্তিয়াগোর রণক্ষেত্র। আবিষ্কৃত হলো লাল কার্ড আর হলুদ কার্ড।