সেই সব লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা, মাঠের বাইরেও ঝড় তোলার রসদ। ক্রিকেট বিশ্ব এমন লড়াই বহুবার দেখেছে, এবারও সবাই মুখিয়ে আছে মোহালির দিকে। এ ম্যাচটির আগে দুই পরাশক্তির ক্রিকেট লড়াইয়ের অবিস্মরণীয় দশটি মুহূর্ত নিচে তুলে ধরা হলো ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস কাপের (মিনি বিশ্বকাপ) ফাইনালে দুর্দান্ত খেলছিলেন ‘বড় মিয়া’ জাভেদ মিয়াঁদাদ। বোলিংয়ে আনা হলো লক্ষ্মণ শিবারামাকৃষ্ণানকে। এসেই বাজিমাত। শিবার একটি বল উড়িয়ে মারতে গিয়ে উইকেট থেকে বেরিয়ে এলেন মিয়াঁদাদ। কিন্তু বল বাঁক খেয়ে বেরিয়ে যায়। উইকেটকিপার সদানন্দ বিশ্বনাথ চোখের পলকে বল ধরে স্টাম্প ভেঙে দেন। মিয়াঁদাদ স্টাম্পড, পাকিস্তানও শেষ। ভারত চ্যাম্পিয়ন। ১৯৮৬ সালে শারজায় চেতন শর্মার ফুলটসে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা আজও লোকের মুখে ফেরে। ভারতীয়রা সেই দুঃস্বপ্ন ভুলতে পারেনি। ওটা যেন ক্রিকেটের এক রূপকথা হয়ে আছে। ১৯৮৭, বেঙ্গালুরু টেস্ট। পাকিস্তান ও জয়ের মাঝাখানে দেয়াল হয়ে ছিলেন সুনীল গাভাস্কার। চতুর্থ ইনিংসে গাভাস্কার ছাড়া ভারতের আর কেউই পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতে পারলেন না। ইকবাল কাশিমের একটি বল হঠাৎ লাফিয়ে উঠল। গাভাস্কার পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে শেষ মুহূর্তে ব্যাট নামিয়ে আনেন। স্লিপ ও উইকেটকিপারকে ফাঁকি দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। বাই চার রান। ওটাই ছিল সিরিজের সেরা ‘শট’! গাভাস্কার করেছিলেন ৯৬ রান। ১৯৯২ বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিরণ মোরে কিছু একটা বলেছিলেন জাভেদ মিয়াঁদাদকে, উত্তরও দিয়েছেন মিয়াঁদাদ, ‘ক্রিকেটটা মানুষের খেলা, জন্তু-জানোয়ারের নয়।’ পানি পানের বিরতির সময় বিষয়টা উঠে যায় চরমে। কিরণ মোরে যেভাবে আবেদন করছিলেন, তা নকল করে বাঁদরের মতো লাফান মিয়াঁদাদ। ওই ম্যাচে হারলেও শেষ পর্যন্ত ট্রফিটা নিয়ে বাড়ি গিয়েছিল পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপ। ভেঙ্কটেশ প্রসাদের একটি বল কাভার দিয়ে সীমানাছাড়া করে তাঁর দিকে তেড়ে যান আমির সোহেল। অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দেন, পরের বলটি কোন জায়গা দিয়ে বাইরে পাঠাবেন? এতে বেশ তেতে ওঠেন প্রসাদ। এক বল পরেই তার প্রমাণ মেলে। সোহেল তুলে মারলেন। ক্যামেরায় দেখা গেল উত্তেজিত প্রসাদ সোহেলকে ড্রেসিংরুমের দিকে যেতে ইশারা করছেন! ১৯৯৭, লাহোরে ওয়ানডে ম্যাচ। ভারতের বোলারদের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। তবে এই ম্যাচেই বোধহয় সবচেয়ে বেশি ঝাঁপটাটা গেল। ইজাজ আহমেদের খুনে ব্যাটে ৮৩ বলে ১৩৯। নয় ছক্কা, ১০ চার। বোলার আবে কুরুভিল্লা বল করতে একবার মাঝপথে গিয়ে থেমে যান। ফিল্ডিং সাজিয়ে নেন নতুন করে। কিন্তু ক্যামেরায় দেখা গেল ফিল্ডিংয়ের নতুন পজিশনের দিকে খেয়ালই নেই ইজাজের। কুরুভিল্লা বল করলেন, ইজাজও তুলে মারলেন। মিড উইকেটে ক্যাচ। কুরুভিল্লার উচ্ছ্বাস, ইজাজের সে কী হতাশা!  ১৯৯৮ সালে ঢাকায় ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল। সাঈদ আনোয়ার ও ইজাজ আহমেদের সেঞ্চুরিতে পাকিস্তান করল ৩১৪। গাঙ্গুলীর সেঞ্চুরি ও রবিন সিংয়ের দুর্দান্ত ফিফটিতে লক্ষ্যে পৌঁছে আজহারউদ্দিনের ভারত। এদিন স্মরণীয় মুহূর্তটি ছিল ম্যাচের মাঝপথে। আলোক স্বল্পতার কারণ দেখিয়ে পাকিস্তানের ফিল্ডাররা মাঠ ছাড়লেও আজহারউদ্দিন উইকেটেই ছিলেন। আজহার জানতেন, খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত হেরে যাবে।  ১৯৯৯, চেন্নাই টেস্ট। আফ্রিদির ঝড়ো ইনিংসে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭১ রান। সাকলায়েন মুশতাকের দুসরায় বেসামাল ভারতীয় ব্যাটসম্যানরা। ৮২ রানে পাঁচ উইকেট নেই। এর পরই শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের অন্যতম সেরা সেই ইনিংস। পিঠের ব্যথা নিয়েও লড়াই চালিয়ে যাওয়া। কিন্তু ১৭ রান বাকি থাকতে টেন্ডুলকার আউট। টেন্ডুলকার চলে যাওয়ার দুই রানের মধ্যে ভারতও অলআউট!  ১৯৯৯, কলকাতা টেস্ট। শোয়েব আখতারের গোলায় রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের স্টাম্প ছত্রখান। গতি আর দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড দ্রাবিড়। প্রায় একই রকম ছিল পরের বলটাও, স্টাম্প উড়ে যায় টেন্ডুলকারের। শোয়েবঝড়ে সৃষ্ট এই ধ্বংসস্তূপ থেকে আর উঠে দাঁড়াতে পারেনি ভারত।  ২০০৩, দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন। ভারতের সামনে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। এর আগে বিশ্বকাপের প্রতিটি সাক্ষাতে পাকিস্তানকে হারালেও এবার ভারতের ওপর ছিল অনেক বেশি চাপ। টুর্নামেন্টে বাজে সূচনার পর ওয়াসিম, ওয়াকার ও শোয়েব—তিন গতিতারকার সামনে ভারত। সেটাই হলো ইতিহাস। শোয়েবের প্রথম ওভারের চতুর্থ বলেই থার্ড ম্যান দিয়ে শচীনের ছক্কা। পরের বলেই চার। ওয়াকার ছুটে এসে শোয়েবকে পরামর্শ দিলেন। পরের বলটা শোয়েব ইনসুইং করালেন। কিন্তু টেন্ডুলকার মারলেন বাউন্ডারি। ম্যাচ হারল পাকিস্তান।