সেই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরে শুধু চাদর পেতে একটা বিছানা করা হয়েছে। সেটিতেই বসে তিনি। খালি গা। আমি মূল বিছানায় বসে ইন্টারভিউ করছি। মহা কাঙ্ক্ষিত ইন্টারভিউ। কারণ আদুল গায়ের এই কৃষ্ণকান্ত তরুণ কিছুক্ষণ আগেই ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড কাপ’ নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্ট-সেরার পুরস্কার হিসেবে তখন অডি গাড়ির খুব চল ছিল। সেই বিশ্বকাপে বোলারদের আতঙ্কে পরিণত ব্যাটসম্যানও অডি গাড়িই পাচ্ছেন।ব্যাটিংয়ে ভিভ রিচার্ডস-সুলভ ঔদ্ধত্য। কিন্তু কথাবার্তায় গান্ধীজি-গান্ধীজি ভাব। সেটি তখন অবাক করেছিল। আর এখন অবাক হই ওই ইন্টারভিউয়ের স্থান-কাল-পাত্র ভাবলে। স্থান—লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেল। কাল—১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের এক দিন আগে। পাত্র—সনাৎ টেরান জয়াসুরিয়া।এখন সম্ভব? এক্সক্লুসিভ ইন্টারভিউ তো পরে, এখন বিশ্বকাপ ফাইনালের এক-দুদিন আগে কোনো ক্রিকেটারের রুমে প্রবেশাধিকার পাওয়াই তো অসম্ভব। হঠাৎ এমন ‘তখন আর এখন’ ভাবনায় আক্রান্ত হওয়ার একটাই কারণ—দুয়ারে আরেকটি বিশ্বকাপ। ‘তারি হাওয়া লাগিছে গায়ে।’ হাওয়াটা কনকনে।কনকনেই! বিশ্বকাপ আপনার জন্য শুধুই আনন্দধারা হতে পারে। সাংবাদিকদের জন্য যুদ্ধ রে ভাই! ক্রিকেটারদের কাজটা আগের চেয়ে কঠিন হয়েছে, না সহজ, সেটি তাঁরাই ভালো বলতে পারবেন। তবে সাংবাদিকদের জন্য বিশ্বকাপ ক্রমেই কঠিন থেকে কঠিনতর প্রশ্নপত্র নিয়ে হাজির হচ্ছে। ডে-নাইট ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে ম্যাচ রিপোর্ট শেষ করতে হবে। তার মানে আপনাকে হতে হবে স্প্রিন্টার। আবার এই কাজ করে যেতে হবে দেড় মাসেরও বেশি সময় ধরে। যার মানে, হতে হবে ম্যারাথনারও। একই সঙ্গে স্প্রিন্ট আর ম্যারাথনের দাবি পূরণই শেষ নয়, হার্ডলসও আছে। সেই ‘হার্ডল’ আসবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বাধানিষেধের রূপ ধরে। টেলিভিশনের এই যুুগে পাঠকদের নতুন কিছু দিতে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু সংবাদ সম্মেলনের বাইরে তাঁদের নাগাল পাওয়াই তো কঠিন। সংবাদ সম্মেলন তো গণব্যাপার। সেখানে বেশি প্রশ্ন করা মানে নিজে ভেবেচিন্তে বের করা স্টোরির লাইন সবাইকে জানিয়ে দেওয়া। আর সংবাদ সম্মেলনে আপনার কাঙ্ক্ষিত ক্রিকেটারই আসবেন, তার নিশ্চয়তা কী!এসব বাস্তবতা মেনে নিয়ে আসন্ন ‘যুদ্ধের’ রণকৌশল নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ নস্টালজিয়ায় আক্রান্ত। লাহোরের হোটেল রুমের ফ্লোরে বসে আদুল গায়ের জয়াসুরিয়া—পনেরো বছর আগের দৃশ্যটা হঠাৎ লাফ দিয়ে তাই চোখের সামনে। এরপর ওপেনটি বায়োস্কোপের মতো আসতে শুরু করল একটার পর একটা ছবি। অরবিন্দ ডি সিলভা, শেন ওয়ার্ন, জাভেদ মিয়াঁদাদ, অর্জুনা রানাতুঙ্গা...জীবনের প্রথম বিশ্বকাপেই আরও অনেকের ইন্টারভিউ করেছি। বড় কয়েকটা নামই শুধু দিলাম। কাজটা তখন কী সহজই না ছিল!এখন সরাসরি কোনো ক্রিকেটারকে ইন্টারভিউয়ের জন্য অনুরোধ করাটাও গর্হিত অপরাধ বলে গণ্য। সে জন্য সব দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার আছেন। তাঁকে জানাতে হবে, আপনি কার সঙ্গে কথা বলতে চান। তিনি চাহিদা ও জোগানের নীতি-টিতি বিশ্লেষণ করে আপনাকে জানাবেন হবে কি হবে না। আধুনিক ক্রিকেট সাংবাদিকতায় তাই একটা শিক্ষাও খুব জরুরি। মিডিয়া ম্যানেজারের ওপর মেজাজ খারাপ হলে তাঁকে ইচ্ছামতো গালি দিন। তবে মনে মনে। মুখে হাসি ফুটিয়ে বলুন, ‘কত মিডিয়া ম্যানেজারই তো দেখলাম, তোমার মতো লোক হয় না!’ বিশ্বকাপের সময় এই ভণ্ডামিটা আরও জরুরি হয়ে দাঁড়াবে। ইন্টারভিউ আপনি কার করতে চাইবেন? হয় খুব ভালো খেলছে অথবা অন্য কোনো কারণে আলোচিত। এই মানদণ্ড তো সব সাংবাদিকের জন্য একই। ১৫-২০ জন সাংবাদিক যখন কারও ইন্টারভিউ চাইবেন, মিডিয়া ম্যানেজারের পক্ষপাতই নির্ধারণ করবে কার ভাগ্যে শিকে ছিঁড়বে।১৯৯৬ বিশ্বকাপের কথা বেশি মনে পড়ছে এ কারণেই। ক্রিকেটের পৃথিবীটা তখন কী সরলই না ছিল! মিডিয়া ম্যানেজারের নামও কেউ শোনেনি। মোবাইল ফোন কী বস্তু কেউ জানে না। কোনো ক্রিকেটারের ইন্টারভিউ চান? কোনো সমস্যা নেই। প্র্যাকটিসে ধরুন বা হোটেলের লবিতে। তার চেয়েও সহজ পথ, হোটেলের লবি থেকে হাউস টেলিফোনে অনুরোধ করুন। মোটামুটি নিশ্চিত, এতেই হয়ে যাবে। বেশির ভাগ ক্রিকেটার তাঁর রুমেই চলে যেতে বলবেন আপনাকে।খুব বেশি দিন আগের কথা বলছি না। অথচ মনে হয়, ক্রিকেটের ওই পৃথিবী যেন সহস্র আলোকবর্ষ আগের। বিশ্বকাপ তো অনেক বড়, এখন তো সাধারণ কোনো সিরিজের সময়ই ক্রিকেটারদের রুমে সাংবাদিক প্রবেশের খবর শুনলে হইচই শুরু হয়ে যায়। তরুণ সাংবাদিকদের কাছেও এখন এটা অবিশ্বাস্য বলে মনে হবে যে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের আগের দিন দুপুরেও অর্জুনা রানাতুঙ্গার রুমে ঘণ্টা খানেক সময় কাটিয়েছি। এখনো ওই দুপুরটির কথা ভাবলে কেমন যেন অবাস্তব লাগে। পর দিন বিশ্বকাপ ফাইনাল। আর সেই ফাইনালের আগের দিন দুপুরে এক অধিনায়ক দুই সাংবাদিকের সঙ্গে একরকম আড্ডা দিচ্ছেন ভেবে নয়। অবাস্তব লাগে, রানাতুঙ্গার ওই রূপের কথা ভেবে। পরনে রঙিন একটা লুঙ্গি। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। বুকে কাঁচাপাকা লোম। স্ফীতোদর সগর্বে উপস্থিতি ঘোষণা করছে। কে বলবে, বিশ্বকাপ ফাইনালিস্ট দলের অধিনায়ক! চেহারা-ছবিতে বাঙালি ভাবটা মিলিয়ে বরং মনে হচ্ছিল যেন বাড়ির পাশের মজিদ চাচা বা নিরঞ্জন কাকা।শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে তখনো তারকাসুলভ ভাবভঙ্গিই দেখা দেয়নি। ফয়সালাবাদে তাঁর রুমে ইন্টারভিউ দেওয়ার পর অরবিন্দ ডি সিলভা তাই কফি-টফি দিয়ে আপ্যায়ন করেছিলেন। লাহোরে গিজগিজে হোটেল লবিতে তাঁকে খেয়াল করিনি দেখে ‘হেই, হাউ আর ইউ’ বলে ডাক দিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। শুধু শ্রীলঙ্কানই বা কেন, জাভেদ মিয়াঁদাদ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছিলেন ড্রেসিংরুমে। ড্রেসিংরুম থেকে প্যাড-ট্যাড পরে বেরিয়ে নেটে যাচ্ছেন আমির সোহেল, তাঁর মুখের সামনে টেপ রেকর্ডার ধরে পাশে হাঁটতে হাঁটতে ইন্টারভিউ করছি—আপনার বোধ হয় বিশ্বাস হচ্ছে না। আপনার কী দোষ, আমার নিজেরই তো এখন বিশ্বাস হয় না!