টেলিফোনে আড়ি পাতা নিয়ে যুক্তরাজ্যের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে যখন তুমুল তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে সদ্য বন্ধ করে দেওয়া ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক একজন সাংবাদিকের লাশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিন হোয়ার (৪৭)। তিনি প্রথম সাংবাদিক, যিনি নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার সরাসরি অভিযোগ আনেন। এদিকে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মালিক প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের স্বত্বাধিকারী রুপার্ট মারডক ও তাঁর ছেলে জেমস মারডক গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। মারডক ও তাঁর ছেলে যা ঘটেছে তার জন্য ক্ষমাপ্রার্থনা করেন। শুনানিকালে হামলার শিকার হন মারডক। এক লোক তাঁর দিকে শেভিং ফোমের মতো সাদা কোনো পদার্থ ছুড়ে মারেন। হার্টফোর্ডশায়ার পুলিশ জানায়, গত সোমবার তাঁরা সিন হোয়ারের প্রতিবেশীদের ফোন পেয়ে উত্তর লন্ডনের ওয়াটফোর্ড এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেন। পুলিশ বলেছে, তাঁর ‘মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। তবে এ মৃত্যুকে সন্দেহের চোখে দেখা হচ্ছে না।’ অবশ্য এ বিষয়ে গতকালই লাশের ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার কথা।সিন হোয়ার নিউজ ইন্টারন্যাশনালের মালিকানাধীন ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং দ্য সান-এর সাংবাদিক ছিলেন। অত্যধিক মদপান ও মাদকদ্রব্যে আসক্ত হওয়ার অভিযোগ এনে ২০০৫ সালে তাঁকে দ্য সান থেকে বরখাস্ত করা হয়।কিছুদিন আগে হোয়ার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সানডে ট্যাবলয়েড ফোন হ্যাকিংয়ে ‘আসক্ত’ হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, তিনি যখন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এ কর্মরত ছিলেন, তখন ওই পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্ডি কুলসন। তিনি অভিযোগ করেন, কুলসন ফোন হ্যাকিংয়ের বিষয়টি শুধু যে জানতেন তা-ই নয়, তিনি নিজেও এ ব্যাপারে সাংবাদিকদের প্ররোচনা দিতেন। হোয়ার বলেন, কুলসন তাঁকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাততে বলেছিলেন। তবে হোয়ারের এসব অভিযোগ কুলসন বরাবরই অস্বীকার করে আসছেন।হোয়ার গত বছর নিউইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, ২০০৬ সালে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ফোনে আড়ি পাতার বিষয়ে যতটুকু অভিযোগের সত্যতা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে তাদের হ্যাকিংয়ের ব্যাপকতা ছিল আরও অনেক বেশি। মাত্র এক সপ্তাহ আগেও নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, মারডকের মালিকানাধীন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা তথ্য বের করার জন্য পুলিশকে ঘুষ দিয়ে আসছে। জেরার সময় হামলা: রুপার্ট মারডক গতকাল সংসদীয় কমিটির সামনে শুনানিতে প্রশ্নের জবাব দেওয়ার সময় হামলার শিকার হন। টেলিভিশনে দেখা যায়, একজন লোক তাঁর দিকে শেভিং ফোমের মতো সাদা কোনো পদার্থ ছুড়ে মারছেন। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য শুনানি বন্ধ হয়ে যায়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে শুনানি চলে। গতকাল সংসদীয় কমিটির সামনে জেরার মুখে মারডক ও তাঁর ছেলে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। জেরার শুরুতেই মারডক বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে অনুশোচনার দিন।’মারডক বলেন, ফোন হ্যাকিংয়ের বিষয়টিতে তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা জড়িত জেনে তিনি লজ্জিত, স্তম্ভিত ও চরম ব্যথিত। শুরুতেই মারডক বলেন, ‘জেরা শুরুর আগে আমি একটি কথাই বলতে চাই যে আজ আমার নিজেকে এতটাই বিনীত মনে হচ্ছে যা আগে আর কখনোই মনে হয়নি। জেরার সময় তাঁদের কাছে এমপিরা ঘুরেফিরে জানতে চান, তাঁদের মালিকানাধীন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর পক্ষে পুলিশকে ঘুষ দিয়ে গোপন তথ্য নেওয়া বা ফোনে আড়ি পাতার চেষ্টার কতটুকু তাঁরা নিজেরা জানতেন। তদন্তের সময় পুলিশের কাছে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে যাওয়া হয়েছে কি না, এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মারডক ও তাঁর ছেলে। বিরতিহীন জেরার সময় একজন এমপি প্রশ্ন করেন, যা ঘটেছে তার জন্য প্রতিষ্ঠানের মালিক হিসেবে কোনো দায় তিনি স্বীকার করেন কি না। সঙ্গে সঙ্গে মারডক উত্তর দেন, ‘কখনোই না’। আপনি দায় স্বীকার না করলে কে দায়ী—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাঁদের বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম তাঁরা, অথবা তাঁরা যাঁদের বিশ্বাস করেছিলেন তাঁরা এর জন্য দায়ী।’ এএফপি, বিবিসি, এপি।