সেই সোনারগাঁও ও সেরনিয়াবাত চলাচলে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুট পারমিট না থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটের দুটি জাহাজ চলাচলের ওপর স্থগিতাদেশ দিয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক জয়নুল বারি জানান, ৪ ফেব্রুয়ারি সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ওই রুটে চলাচলকারী জাহাজগুলো পরিদর্শন করেন। এ সময় ওই রুটে চলাচলকারী সাতটি জাহাজের মধ্যে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (সি ১৭৩০) এবং এমভি সোনারগাঁও (এস ৫১০৬) নামের দুটি জাহাজ তাদের নৌযানের বৈধ রুট পারমিট দেখাতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের আহমেদ স্বাক্ষরিত একটি আদেশে ওই দুই জাহাজের চলাচলের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এ আদেশ বাস্তবায়নে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমুদ্দিন জাহাজ দুটির চলাচল বন্ধ করে দেন। তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত জাহাজ দুটির চলাচল বন্ধ থাকবে।প্রসঙ্গত, টেকনাফ-সেন্টমার্টিন রুটে প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি সাগরে আটকা পড়ে এফভি সোনারগাঁও জাহাজ। ১৫ ঘণ্টা পর সেটি নিরাপদে টেকনাফে ফিরে। তখন পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ত্রুটিপূর্ণ জাহাজ চালু করে পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে টেকনাফের ইউএনও জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অপরদিকে ১৭ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়া জেটিঘাটের পথ ভেঙে নিচে পড়ে অন্তত ৫০ পর্যটক আহত হন। তাঁরা শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশে দমদমিয়া জেটিঘাট এলাকায় যাচ্ছিলেন। ২০০৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অবৈধ জেটিটি উচ্ছেদ করার জন্য মালিক দিদার হোসেনকে বাদী করে টেকনাফের সহকারী জজ আদালতে উচ্ছেদ মামলা করেছিল। ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে স্থলবন্দর এলাকায় অবৈধ জেটি উচ্ছেদ করার তাগিদ দেন। এতে বলা হয়, অবৈধভাবে নির্মিত জেটিগুলোর আদায় করা অর্থ বেআইনিভাবে ব্যক্তি মালিকানায় সংগৃহীত হচ্ছে।