ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত ১০ জন সিবিএ নেতার শাস্তি মওকুফ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত শেষে গত এপ্রিলে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে তাঁরা আপিল আবেদন করেছিলেন।কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে গত ৩ নভেম্বর গোপনে এ ১০ জনের শাস্তি মওকুফ করা হয়। তাঁদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়া ছয়জন গতকাল বুধবার আবার চাকরিতে যোগ দিয়েছেন। তাঁরা হলেন: সিবিএর সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক (করণিক), আইয়ুব আলী (কেয়ারটেকার), মোহাম্মদ আবদুল গাফফার (গাড়িচালক), মো. হুমায়ুন (কেয়ারটেকার), আবুল খায়ের (কেয়ারটেকার) এবং আবদুল বারিক (কেয়ারটেকার)।শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অপর চারজনের মধ্যে সিবিএর সভাপতি আহসানুল হাবীবের (কেয়ারটেকার) তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ, আবদুল হাকিমকে (কেয়ারটেকার) তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ করে সিলেটে, এনামুল হক খানকে (কেয়ারটেকার) চট্টগ্রামে এবং মুহাম্মদ সারোয়ার আলমকে (ডেটা এন্ট্রি অপারেটর) খুলনা কার্যালয়ে বদলি করা হয়েছিল।সূত্রটি জানায়, গত বছরের ১৮ আগস্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক আহমেদ জামালের কক্ষে একই বিভাগের যুগ্ম পরিচালক (তৎকালীন উপপরিচালক) সাহিদার রহমানকে মারধর করা হয়। এর পরদিন (১৯ আগস্ট) সাহিদার রহমান ওই ১০ জনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। কয়েক দফা তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ৭ এপ্রিল তাঁদের বিরুদ্ধে উল্লিখিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।এর আগে এ ১০ জনকে ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ দফায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধির ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তাঁদের কয়েকজনকে চাকরিচ্যুত ও অপর কয়েকজনকে কেন বাধ্যতামূলক অবসর দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তাঁদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।এদিকে শাস্তি মওকুফের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।ওই মারধরের ঘটনায় সাহিদার রহমান মতিঝিল থানায় মামলাও করেছিলেন। শাস্তি মওকুফের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতকাল তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন। যোগাযোগ করা হলে সাহিদার রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণ বিধি অনুসারে মামলা চলাকালে কাউকে চাকরিতে পুনর্বহাল করা যায় না। আমি আমার প্রতিবাদে সে কথা স্মরণ করিয়ে দিয়েছি গভর্নর মহোদয়কে।’কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, ওই ১০ সিবিএ নেতা গভর্নরের কাছে আপিল আবেদন করলে তিনি একটি পুনর্বিবেচনা কমিটি গঠন করেন। নির্বাহী পরিচালক আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের নেতৃত্বে গঠিত চার সদস্যের ওই কমিটি এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, আপিলের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র গভর্নরের।এদিকে কেন্দ্রীয় ব্যাংকে চাকরিতে কোনো পদোন্নতি ও কোনো ধরনের শাস্তির বিষয়ে অফিস আদেশের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা রয়েছে। কিন্তু ওই ১০ সিবিএ নেতার আপিল বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত কোনো আদেশ বিতরণ হয়নি।এ বিষয়ে জানতে গভর্নর, সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।ব্যাংকের একটি সূত্র জানায়, সাহিদার রহমানকে (বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে) লাঞ্ছনার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের সিবিএ নেতাদের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে প্রতিবেদন দেয়। প্রতিবেদনটিতে ওই ১০ সিবিএ নেতা ও কর্মীর নাম উল্লেখ করে অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও বলা হয়েছিল।বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে (বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের আমলে) কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা ও গভর্নরের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ২০০৩ সালের ৩০ অক্টোবর তৎকালীন কেন্দ্রীয় ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে চাকরিচ্যুত করা হয়। এ সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয় এবং এতে বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়।