সেই ২৭ বাড়ির ১৬টি ফেরত পেল সরকার
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পরিত্যক্ত ঘোষণা করে নামমাত্র দামে বিক্রি করে দেওয়া ২৭টি বাড়ির মধ্যে ১৬টি ফেরত পেয়েছে সরকার। ক্রেতাদের টাকা ফেরত দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত রোববার সরকারকে এসব বাড়ি বুঝিয়ে দিয়েছে।এ ছাড়া গুলশানের একটি বাড়ি কাতার দূতাবাসকে প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানের আরেকটি বাড়ির বর্তমান মালিক স্বেচ্ছায় তা সরকারকে ফেরত দিয়েছেন।অন্যদিকে বাকি নয়টি বাড়ির দলিলও বাতিলের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার পরিত্যক্ত এসব বাড়ি সরকারের অধীনে ফেরত আনার বিষয় নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাড়িগুলো ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত কম মূল্যে ও নিয়মনীতি উপেক্ষা করে রাজধানীর অভিজাত এলাকার এসব বাড়ি বিক্রি করা হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের মন্ত্রী-নেতারা নামে-বেনামে এসব বাড়ি কিনে নেন। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এসব বাড়ি সরকারের অনুকূলে ফেরত নেওয়ার।’ফেরত পাওয়া ১৬ বাড়ি: রাজউক ইতিমধ্যে যে ১৬টি বাড়ি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে, সেগুলো হলো—ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ি নম্বর-১২০, রোড নম্বর-২ (পুরোনো), নতুন বাড়ি নম্বর-১৪, রোড নম্বর-২ (নতুন), বাড়ি নম্বর-৩০৭ (পুরোনো), রোড নম্বর-২৬, বাড়ি নম্বর-১৩০, নিউ ইস্কাটন, বাড়ি নম্বর- এনডব্লিউ(ই)-২০, রোড নম্বর-৫৯, গুলশান, বাড়ি নম্বর-সিইএস (বি)-৫, রোড নম্বর-১১৩, গুলশান, বাড়ি নম্বর-১৩৯, রোড নম্বর-২ (পুরোনো), যার বর্তমান বাড়ি নম্বর-৩০, রোড নম্বর-২ (নতুন) ধানমন্ডি, বাড়ি নম্বর-৭২৩/এ, রোড নম্বর-১৪ (পুরোনো), যার বর্তমান বাড়ি নম্বর-৯২/এ, রোড নম্বর-৭/এ (নতুন), ধানমন্ডি, বাড়ি নম্বর-৭২৩/বি, রোড নম্বর-১৪ (পুরোনো), যার বর্তমান বাড়ি নম্বর-৯২/বি, রোড নম্বর-৭/এ (নতুন), ধানমন্ডি, বাড়ি নম্বর-১৭, কলেজ স্ট্রিট, ধানমন্ডি, বাড়ি নম্বর-১৮, কলেজ স্ট্রিট, ধানমন্ডি, বাড়ি নম্বর-৭/১, নওরতন কলোনি, শান্তিনগর, বাড়ি নম্বর এনই (ও)-৪, রোড নম্বর-৯০, গুলশান, বাড়ি নম্বর-৩৭১, এলিফ্যান্ট রোড, বাড়ি নম্বর-৩৭২, এলিফ্যান্ট রোড, বাড়ি নম্বর-১২৭, এলিফ্যান্ট রোড, বাড়ি নম্বর সিডব্লিউএস (সি)-৩, রোড নম্বর-১৬, গুলশান, ঢাকা। এর মধ্যে প্রথম চারটি বাড়ির সম্পূর্ণ দাম জমা নেওয়া হলেও দখল হস্তান্তর বা দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। অন্য ১২টির বরাদ্দপত্র, টাকা জমা নেওয়া, দখল হস্তান্তর বা রেজিস্ট্রি কোনোটাই করা হয়নি। নয়টির ব্যাপারে আইনি পথে: টাকা নেওয়া, দলিল করে দেওয়া, দখল হস্তান্তরসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল—এমন বাকি নয়টি বাড়ির দলিল বাতিলের জন্য মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে। এ জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাটর্নি জেনারেলের মতামত চেয়েছে তারা।এ ছাড়া গুলশান এনডব্লিউ (আই)-৬, রোড নম্বর-৫৩ বাড়িটির ক্রেতা রেজিস্ট্রি করা দলিল ফেরত দেওয়ার মাধ্যমে বাড়িটি সরকারের কাছে ফেরত দিয়েছেন। বাড়ি নম্বর এনই(কে)-৬, রোড নম্বর-৮৯, গুলশান ঠিকানার বাড়িটি কাতার দূতাবাসকে পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে বরাদ্দের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ জানায়, গুলশানের এনই(কে)-৬ নম্বর বাড়িটিসহ দুটি বাড়ি ইতিমধ্যেই সরকারি দখলে নেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় ন্যাম সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ৬৬টি পরিত্যক্ত বাড়ি রাজউকের মাধ্যমে বিক্রয়ের জন্য ১৯৯৯ সালের ২৭ অক্টোবর তালিকাভুক্ত করা হয়। শেষ পর্যন্ত সেখান থেকে রাজউক ২৭টি বাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নেয়।২০০৪ সালের জুন মাসে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই ২৭টি বাড়ি বিক্রির জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউক দরপত্র আহ্বান করে। ২৮৪ জন দরদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব বাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিল।