সেইদিন টিআইবিকে বন্ধ করে দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির ব্যাপকতা ও গভীরতায় হতাশ ও ক্ষুব্ধ একজন রাজনৈতিক নেতা, যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সমর্থক, সম্প্রতি আমাকে বললেন, ‘এসবে কিছু হবে না, আপনারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করুন, রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না। যাঁরা ক্ষমতায় অধিষ্ঠিত তাঁরাই পারেন দুর্নীতি নিয়ন্ত্রণ করতে।’ তাঁকে বোঝানোর চেষ্টা করলাম রাজনীতি রাজনীতিবিদদের জন্য, বেসরকারি সংস্থা তথা সামাজিক আন্দোলনকারীদের দলীয় রাজনৈতিক অঙ্গনে প্রবেশের এখতিয়ার নেই, যোগ্যতাও নেই। তিনি মানতে রাজি নন। বললাম, এক অর্থে তাঁর কথাই যথার্থ, আর তা হলো রাজনীতির বাইরে থেকে হলেও যেসব দাবি অর্জনের জন্য, বা যে ধরনের পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করি, চূড়ান্ত বিবেচনায় কোনো না কোনোভাবে তা রাজনৈতিক এবং রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক দলের যথার্থ ভূমিকা পালনের মাধ্যমেই সম্ভব। আর তার চেয়ে বড় কথা, সংবিধান যে জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা অলঙ্ঘনীয়ভাবে অর্পণ করেছে সেই জনগণের পক্ষ হয়ে জনগণের উদ্বেগ, দুর্ভোগ ও প্রত্যাশার কথা বলে টিআইবি প্রকারান্তরে সরকার, রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক দলের সহায়ক শক্তি হিসেবেই তো কাজ করছে। তিনি সন্তুষ্ট হননি। বললেন, ‘আপনাদের আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে, থাকবে, তবে আপনার সঙ্গে দ্বিমত থেকেই গেল।’ সুখী হলাম এই ভেবে যে মানুষে মানুষে মতানৈক্য থাকতেই পারে, এই গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিবিদ প্রিয় স্বদেশে এখনো অনেকেই রয়েছেন। তিনি তাঁদের একজন।দুর্নীতিবিরোধী একজন কর্মী হিসেবে আমিও যে প্রায়ই নিজেকে ব্যর্থ মনে করি না তা নয়। আমাদের আন্দোলনের ফলে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিষয়ক সচেতনতা ও চাহিদা অনেক বেড়েছে। দুর্নীতি এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। গণমাধ্যমে এক বিরাট জায়গা করে নিয়েছে দুর্নীতিবিষয়ক সংবাদ, আলোচনা, মন্তব্য। সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি এখন দুর্নীতি প্রতিরোধ। বিশেষ করে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের কমপক্ষে ডজন খানেক সুনির্দিষ্ট অঙ্গীকার দুর্নীতি প্রতিরোধের বিষয়ে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য ও জনপ্রতিনিধি এবং সরকারের সর্বস্তরের কর্ণধারেরা বক্তব্য-বিবৃতিতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। যদিও বাস্তব প্রয়োগ একান্তই হতাশাব্যঞ্জক।অন্যদিকে আমাদের কার্যক্রমের প্রতি কোনো কোনো প্রভাবশালী মহলের নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও আমাদেরই উদ্যোগে বেশ কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার দাবি ও তার পরিপ্রেক্ষিতে কমিশন গঠন এবং পরে কমিশনের ক্ষমতা খর্ব করার উদ্যোগের বিরুদ্ধে অব্যাহত ক্যাম্পেইন; জাতিসংঘের দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনভেনশনের সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি; তথ্য অধিকার আইন, তথ্য প্রকাশকারীর সুরক্ষা আইন ইত্যাদি অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে, যাতে রয়েছে টিআইবির প্রত্যক্ষ ভূমিকা। এসবের মূল লক্ষ্য দেশে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি করা, যার ফলে দুর্নীতি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হবে এবং অবস্থান বা পরিচয়নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য হবে। কিন্তু তা তো হয়নি, বরং আমাদের গবেষণায় প্রতীয়মান হয়, দেশের জনগণও জানে, দুর্নীতির প্রকোপ বেড়েই চলেছে। শিক্ষা ও কৃষির মতো গুটিকয় খাত, যেখানে নেতৃত্বের দৃঢ়তার পাশাপাশি অকৃত্রিম প্রচেষ্টা রয়েছে, সেখানে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। তবে সার্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা যে আশঙ্কাজনক, তা দলমত-নির্বিশেষে সবারই জানা।সবচেয়ে কষ্ট হয়, আত্মসম্মানে আঘাত লাগে, যখন বিদেশিরা এ সুযোগে আমাদের সরকারকে জ্ঞানদান শুরু করে। তাদের কারও কারও উদ্দেশ্য মহৎ থাকতে পারে। কারণ, বাংলাদেশে অর্থসাহায্য প্রদানের উৎস যেহেতু তাদের দেশের জনগণের করের টাকা, সে জন্য তারাও উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরও ক্ষুব্ধ ও ব্যথিত হই, যখন বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান, কয়েক বছর আগেও যার স্বচ্ছতার ক্ষেত্রে গর্ব করার মতো যুক্তি খুঁজতে হলে বড় ধরনের গবেষণার দরকার হতো, তার কাছ থেকেই বাংলাদেশকে দুর্নীতির অভিযোগের কারণে পদ্মা সেতু প্রকল্পে অর্থ জোগান দেওয়া হবে না—এরূপ হুমকি শুনতে হয়।বুকের রক্ত দিয়ে যে দেশের মানুষ ভাষার অধিকার প্রতিষ্ঠা করে, যে দেশ লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত গৌরবময় স্বাধীনতার ৪০ বছরে পদার্পণ করল, যে দেশের মানুষ চিরদিনের মতো এখনো গণতান্ত্রিক অধিকার আদায়ে অকাতরে রক্ত দিতে প্রস্তুত, সে দেশের মানুষের জন্য দুর্নীতির এই কালো থাবা লজ্জার, ক্ষোভের, বেদনার ও হতাশার। তবে যারা এর জন্য দায়ী তারা কি মোটেই লজ্জিত, ক্ষুব্ধ, ব্যথিত বা হতাশাগ্রস্ত? মনে তো হয় না। যদি হতো, তাহলে যে স্বপ্ন নিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে জড়িয়ে আছি, তা পূরণ অনেক আগেই ত্বরান্বিত হতো।আমার সেই স্বপ্ন হলো টিআইবিকে বন্ধ করে দেওয়া। দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে, সেই রাজনৈতিক নেতৃত্ব যদি দৃঢ়ভাবে অঙ্গীকার পালন করে; যে জাতীয় সংসদের এখতিয়ার সরকারকে জনগণের কাছে জবাবদিহি করানো, সেই সংসদ তথা সংসদীয় কমিটিগুলো যদি কার্যকর হয়; আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি ঠিকই আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়; সরকারি-বেসরকারি সব খাতে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ‘চুনোপুঁটি বা রুই-কাতলা’সহ সবাইকেই যদি দুর্নীতি প্রমাণিত হলে শাস্তি পেতে হয়, তাহলে টিআইবির মতো প্রতিষ্ঠানের আর দরকার কী?স্বপ্ন পূরণ হয়নি, বরং যেকোনো মাপকাঠিতে টিআইবির কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই ব্যর্থতা সত্ত্বেও আমি আশাবাদী। আশাবাদী এ কারণে যে এ দেশের মানুষের শক্তি ও সামর্থ্যে আমার অগাধ বিশ্বাস। দেশের সাধারণ মানুষ কখনো ভুল করেনি, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এ দেশের গৌরবময় ইতিহাস রচনা করেছে। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তন আনয়নে সফল হবে।তবে তার জন্য সবার আগে প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে দেশের দুই নেত্রীর নির্ভেজাল রাজনৈতিক অঙ্গীকার। যদিও বাস্তব বিবেচনায় অলীক মনে হয়, আশা করতে দোষ নেই যে তাঁরা দুজনই একদিন উপলব্ধি করবেন, যথেষ্ট হয়েছে। শত বিভেদ সত্ত্বেও দুজনের একজন বলবেন, অন্যজন মেনে নেবেন, আসুন, আমরা দেশবাসীর কাছে অঙ্গীকার করি, দুর্নীতিকে আর প্রশ্রয় দেব না, সে যে-ই হোক, প্রিয়জন থেকে শুরু করে মন্ত্রী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জাতীয় ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতা—সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে এই অঙ্গীকার।দুই নেত্রীই তো পারেন এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যেখানে সংসদ বয়কটের রাজনীতির পরিবর্তে এমন একটা সংসদ আমরা পাব, যার কাছে সরকার জবাবদিহি করতে বাধ্য হবে। এমন একটা প্রশাসন প্রতিষ্ঠিত হবে যেখানে দলীয় রাজনৈতিক প্রভাব থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এমনভাবে কাজ করবে যেখানে দলীয় বা অন্য কোনো পরিচয় কোনো বিবেচ্য বিষয় হবে না। দুই নেত্রীর অঙ্গীকারের ফলে বিচারব্যবস্থায় নিয়োগ, পদোন্নতি-বদলিতে দলীয় বিবেচনা নয়, শুধু পেশাগত উৎকর্ষই মাপকাঠি হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে; দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন বাঘে পরিণত করার অপচেষ্টা বন্ধ হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ ও সব জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবার-পরিজনসহ ক্ষমতাবানদের সম্পদের সঠিক বিবরণ প্রকাশ শুধু ফাঁকা বুলি থাকবে না; অনুপার্জিত আয় ও কালোটাকা বৈধ করার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ হবে; ঋণখেলাপি, টেন্ডারবাজি, টোলবাহী, পেশিশক্তি, ভূমিদস্যুতা ও কালোটাকার প্রভাবে রাজনৈতিক অঙ্গন কলুষিত হবে না, শেয়ারবাজারও তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে; সরকারি ক্রয় খাতে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্ব বন্ধ হবে।তথ্য অধিকার আইনের মতো দুর্নীতি প্রতিরোধে যুগান্তকারী পরিবর্তনের সুযোগ সৃষ্টিকারী আইনের দ্রুত ও কার্যকর প্রয়োগ নিশ্চিত হবে, তথ্য কমিশন কার্যকর হবে, মানবাধিকার কমিশন জনবল ঘাটতি ও সম্পদহীনতার জাল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কার্য পরিচালনা করবে। রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা বাতিল হবে না বা কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। গণতন্ত্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো কার্যকর হবে, তাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্যরাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী এমন পরিবেশ সৃষ্টি হবে, যেখানে দুর্নীতি যে একটি শাস্তিযোগ্য অপরাধ, তা হবে সর্বজনবিদিত।তবে দুই নেত্রী তথা রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সরকার ও সরকারের ভেতরে ও বাইরে গণতন্ত্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর এই ভূমিকা কীভাবে ও কত শিগগির অর্জিত হবে, তা নির্ভর করবে জনগণেরই ওপর। উন্নত গণতান্ত্রিক দেশে জনগণের অধিকার নিশ্চিত করে রাষ্ট্রব্যবস্থা, যা তারা অর্জন করেছে শত বছরের পথ চলার পর। স্বাধীনতার ৪০ বছরে আমরাও কম পাইনি। বাস্তবিক পক্ষে জনতান্ত্রিক অগ্রযাত্রায় প্রত্যাশার তুলনায় অনেক কম হলেও এই স্বল্প সময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাঠামো সৃষ্টিতে আমাদের অগ্রযাত্রায় গৌরবের অনেক কিছুই রয়েছে। তবে এই অগ্রযাত্রাকে অর্থবহ করতে জনগণকেই সোচ্চার হতে হবে।জনগণই চাইবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক; জনগণই চাইবে দুর্নীতি যারা করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করুক; জনগণই চাইবে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হোক কারও প্রতি ভয় বা করুণা না করে; জনগণই চাইবে নেতা-নেত্রীদের আচরণে গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটুক, দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে। জনগণের এই চাওয়া, এই দাবি যত বেশি জোরালো হবে, দুর্নীতি প্রতিরোধ ততটাই ত্বরান্বিত হবে। ক্ষমতার উৎস যে জনগণ, তা নেতারা কত দিন ভুলে থাকবেন? আর জনগণই বা তা ভুলবে কেন?ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।