সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানকে শেষ শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামানকে আজ শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয়। এ সময় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শত শত লোক শহীদ মিনারে ভিড় করে।শ্রদ্ধা জানাতে এসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘যখন যুদ্ধাপরাধের বিচার চলছে তখনই একে একে সেক্টর কমান্ডাররা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।’ আওয়ামী লীগের সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সব সময় একটা কথাই বলতে চেয়েছেন। যে দেশ গড়ার জন্য তাঁরা লড়াই করেছিলেন, নতুন প্রজন্ম সে রকম দেশ গড়তে লড়াইটাকে যেন সমাপ্তির দিকে নিয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাঁর মতো আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে তা যেন সুষ্ঠুভাবে হয়। কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেন যুদ্ধাপরাধের বিচার না হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তাঁর প্রথম জানাজা হয়। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানীর সেনা কবরস্থানে কাজী নুরুজ্জামান চিরনিদ্রায় শায়িত হবেন।