সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তম আর নেই। এই বীর মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।জানা গেছে, কাজী নূরুজ্জামান বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সকাল ১০টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর পেয়ে মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও মরহুমের স্বজনেরা হাসপাতালে ছুটে যান। হাসপাতাল থেকে মরদেহ ডিওএইচএসে মরহুমের বাসভবনে নেওয়া হয়। পরে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।কাজী নূরুজ্জামানের মরদেহ আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তাঁর প্রথম জানাজা হবে। বাদ আসর দ্বিতীয় জানাজা হবে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে বনানীর সেনা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাজী নূরুজ্জামান স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী সুলতানা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং মেয়ে অধ্যাপক নায়লা জামান খান ও লুবনা মরিয়ম।কাজী নূরুজ্জামান একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় বইয়ের মূল সম্পাদক ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও রাজনীতি, বাংলাদেশের সমাজ ও রাজনীতি, স্বদেশ চিন্তা, একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা প্রভৃতি বইয়ের লেখক তিনি। তিনি ১৯২৫ সালের ২৪ মার্চ যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাজী সদরুল ওলা, মা রাতুবাননেসা।সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ টেলিফোনে প্রথম আলোকে বলেন, বৃদ্ধ বয়সেও কাজী নূরুজ্জামান দেশের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে মানুষের কাছে গেছেন। এর স্বপক্ষে জনমত গঠন করেছেন। কিন্তু এ বিচার তিনি দেখে যেতে পারলেন না। তিনি নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।শোক: বাসস জানায়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে।এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ কাজী নূরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।