সেগুনবাগিচায় আ.লীগ কর্মী গুলিতে নিহত
রাজধানীর সেগুনবাগিচায় ইব্রাহীম আহমেদ (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত ইব্রাহীম নিজেকে ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক একটি মাইক্রোবাসে করে ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তারা ইব্রাহীমের লাশ একটি ট্রলিতে রেখে পালিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ইব্রাহীমের গালে গুলি করা হয়েছে। তবে কোন জায়গায় নিয়ে তাঁকে খুন করা হয়েছে, তা জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, ইব্রাহীমকে গাড়ির ভেতরেই গুলি করা হয়।খুনের কারণ সম্পর্কে নিহত ব্যক্তির পরিবারের ধারণা, আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণাই তাঁর জন্য কাল হয়েছে। ইব্রাহীমের ছোট ভাই মাসুম আহমেদ জানান, তাঁরা ধারণা করছেন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণার কারণেই তাঁকে খুন করা হয়। ওই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের কেউ এ কাজ করে থাকতে পারেন। তবে তাঁরা সুনির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি। তিনি জানান, ২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পরও একবার ইব্রাহীমের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল।ইব্রাহীমের বাবা সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, ইব্রাহীম এবার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার চিন্তাভাবনা করছিলেন। এ জন্য তিনি এলাকায় পোস্টারও সেঁটেছিলেন। তাঁর ধারণা, এর জের ধরেই তিনি খুন হতে পারেন। ইব্রাহীমের স্ত্রী যুব মহিলা লীগের কর্মী রীনা। স্ত্রীকে নিয়ে তিনি সেগুনবাগিচায় থাকতেন। গতকাল ইব্রাহীমের স্ত্রী তাঁর বাবার বাড়ি রাজবাড়ীতে ছিলেন।নিহত ব্যক্তির ভাই গাড়িচালক মাসুম জানান, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের অনুসারী ছিলেন ইব্রাহীম। তাঁদের গ্রামের বাড়িও শাওনের নির্বাচনী এলাকা ভোলার তজুমদ্দিনে।ইব্রাহীমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।