সেচ ও গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে, বাড়ছে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো খেতে সেচ ও গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির কারণে সারা দেশে লোডশেডিং বাড়তে শুরু করেছে। ঢাকাসহ শহরাঞ্চলে এখন প্রতিদিন চারবারে চার ঘণ্টা এবং গ্রামাঞ্চলে আরও কিছুটা বেশি লোডশেডিং হচ্ছে।সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকার এ বছর যেকোনো অবস্থায় লোডশেডিং চার ঘণ্টার মধ্যে সীমিত রাখার যে পরিকল্পনা করেছে, তা কার্যকর করা কঠিন হবে। কারণ, চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছাড়াও বিতরণ-অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে আরও অনেক বেশি লোডশেডিং করতে হচ্ছে। বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটছে প্রচুর।ঘাটতি আসলে কত: সূত্রগুলো জানায়, এখন বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগাওয়াটের কম। উৎপাদন ছয় হাজার মেগাওয়াটের কাছাকাছি। এই হিসাব অনুযায়ী, ঘাটতি এখন পর্যন্ত এক হাজার মেগাওয়াটের মধ্যে সীমিত। কিন্তু এক হাজার মেগাওয়াট ঘাটতি হলে চারবারে চার ঘণ্টা লোডশেডিং করা দরকার হয় না।তাহলে লোডশেডিং বেশি হচ্ছে কেন—জানতে চাইলে সূত্রগুলো জানায়, উৎপাদন ছয় হাজার মেগাওয়াট হলেও এর অন্তত ১০ শতাংশ উৎপাদন-প্রক্রিয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলোতেই ব্যবহূত হয় (অক্সিলারি)। এ ছাড়া, গ্রাহক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত প্রায় ১৫ শতাংশ আছে পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস)। এই দুই মিলে হয় দেড় হাজার মেগাওয়াট। পদ্ধতিগত লোকসানের একাংশ কারিগরি লোকসান (প্রায় ১০ শতাংশ)। অবশিষ্ট ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৩০০ মেগাওয়াট চুরি। পদ্ধতিগত লোকসানের নামে চুরি হওয়া এই বিদ্যুৎ কোনো না কোনোভাবে কোনো না কোনো গ্রাহক ব্যবহার করছেন। এই ৩০০ মেগাওয়াট বাদ দিলেও অক্সিলারি হিসেবে ব্যবহার এবং কারিগরি লোকসানের মোট পরিমাণ দাঁড়ায় এক হাজার ২০০ মেগাওয়াট। কাজেই ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে চার হাজার ৮০০ মেগাওয়াটের মতো। সুতরাং চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ দুই হাজার মেগাওয়াটেরও বেশি।বিতরণব্যবস্থার সমস্যা কী: গত চার বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে প্রায় চার হাজার মেগাওয়াট। কিন্তু এই বাড়তি বিদ্যুৎ গ্রাহকের কাছে সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য বিতরণব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়ন করা হয়নি। প্রয়োজনীয় সংখ্যক নতুন উপকেন্দ্র, বিতরণ লাইন করার পরিকল্পনা থাকলেও একাধিক কারণে তা করা হয়নি।এর একটি কারণ অর্থের অভাব। একই কারণে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এলাকায় বিতরণ-অবকাঠামো তৈরির কাজ বিঘ্নিত হয়েছে। আরইবির অধিকাংশ উপকেন্দ্র ক্ষমতার অতিরিক্ত বিতরণের ভারে ন্যুব্জ। আর ঢাকায় ডেসকো ও ডিপিডিসির এলাকায় এই কাজ বিঘ্নিত হয়েছে উপকেন্দ্র করার জায়গা না পাওয়ায়। ডেসকোর আওতাধীন গুলশান ও বনানী এলাকায় বিতরণব্যবস্থার অবস্থা খুব খারাপ। এবার গ্রীষ্মে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দেবে বলে ডেসকোর কর্মকর্তাদের আশঙ্কা। তাঁরা জানান, ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুতের গড় চাহিদা প্রায় ৭৫০ মেগাওয়াট। এর মধ্যে শুধু অবকাঠামো সমস্যার কারণে ৫০ মেগাওয়াট সরবরাহ করা যাচ্ছে না। কারণ, তাঁরা কয়েক বছর ধরে চেষ্টা করেও ওই এলাকায় উপকেন্দ্র করার মতো জায়গা পাননি।জায়গার অভাবে ডিপিডিসির এলাকায় ১৪টি উপকেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। নারায়ণগঞ্জসহ রাজধানীর বড় অংশে এই সংস্থা বিদ্যুৎ বিতরণ করে। এ সংস্থারও অনেকগুলো উপকেন্দ্র ওভারলোডে চলছে। পিডিবির বিতরণ এলাকা এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বিতরণব্যবস্থার অবস্থাও প্রায় একই রকম।ফলে একদিকে উৎপাদন ঘাটতি, অন্যদিকে বিতরণব্যবস্থার সমস্যায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে সামগ্রিক পরিস্থিতির যথেষ্ট অবনতি হতে পারে বলে সূত্রগুলো জানায়।