সেচ নিয়ে চিন্তিত কৃষক
আসন্ন ইরি-বোরো আবাদে প্রয়োজনীয় সেচের জন্য এখনই চিন্তিত হয়ে পড়েছেন দেশের বৃহৎ তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের নীলফামারী জেলার দিনাজপুর খালের আওতাভুক্ত কৃষকেরা। প্রয়োজনীয় সেচসুবিধা নিতে ঝক্কি-ঝামেলার কথা চিন্তা করে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ওসব এলাকার কৃষকেরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় শাখাখালের দাবি করে এলেও এখন পর্যন্ত তা নির্মিত হয়নি। ফলে সেচখাল থেকে সেচের পানি নিতে প্রায় প্রতিবছর প্রকল্প কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ পন্থায় সেচসুবিধা নিতে গিয়ে কৃষকদের হয়রানির শিকার হতে হয়।৮ ডিসেম্বর সকালে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত দিনাজপুর খালের দুন্দিবাড়ী থেকে চাঁদেরহাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পুকুর, নালা, খাল, বিল থেকে পানি সেচে বীজতলার কাজ শুরু করেছেন অনেকে। কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত শাখাখাল না থাকায় ওসব এলাকার কৃষকদের প্রতিবছর নিজ উদ্যোগে পাইপ বসিয়ে ও বোরিং করে সেচখাল থেকে পানি নিতে হয়, যা পনি উন্নয়ন বোর্ডের ভাষায় অবৈধ। যদিও এ জন্য সেচ প্রদান বাবদ পাউবো কর্তৃপক্ষকে টাকাও দিতে হয় তাঁদের। অবৈধভাবে সেচখাল থেকে পানি না নেওয়ার জন্য পাউবো কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় অবৈধ পন্থায় পানি নিতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের কাছে অনেক নির্যাতন ও গালাগাল শুনতে হয়। এমনকি তাঁরা অনেক পাইপ ভেঙেও দেন।এরপরও এবার নিরুপায় হয়ে কৃষকেরা প্রয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করে সেচখাল থেকে পানি নেওয়ার পরিকল্পনা শুরু করেছেন। রামনগর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে কৃষক মাহফুজার রহমান (৩৮) বলেন, ক্যানেলের উভয় প্রান্তে আমাদের প্রায় ৪০ বিঘা জমিতে বোরো চাষ করি। ১৫ দিনের মধ্যে বোরো চাষের ভরা মৌসুম শুরু হবে। কিন্তু সেচখালের পাশের জমি হওয়া সত্ত্বেও আমরা সেচসুবিধা পাচ্ছি না। বাধ্য হয়ে পাইপ বসিয়ে পানি নিতে হচ্ছে। আবার অনেক সময় পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে পাইপ ভেঙে দেন। আবার অকথ্য ভাষায় গালমন্দও করেন। তিনি বলেন, ক্যানেলের ডান দিকে কোনো আউটলেট নেই। বাঁ দিকে কিছু আউটলেট থাকলেও সেগুলো অনেক দূরত্বে করায় আমরা অনেক কৃষক এ সুবিধা পাচ্ছি না। তিনি বলেন, মানুষ কষ্ট করে টাকা জোগাড় করে পাইপ বসায় আর পানি উন্নয়ন বোর্ড তা ভেঙে দিয়ে সমস্যার সৃষ্টি করে। তিনি ওসব এলাকায় শাখাখাল বসানোর দাবি করেন।চাঁদেরহাট মাঝাপাড়া গ্রামের সুনিল কুমার বর্ম্মণ (৫০) বলেন, ‘এখানে সাইড ক্যানেল দরকার। এর আগত বোর্ডের লোকজন দরখাস্ত চাইছে, দরখাস্ত দিছি কিন্তু সাইড ক্যানেল দেয় নাই।’ তিনি বলেন, ‘এখানে একটা সাইড ক্যানেল দিলে বহু জমি আবাদ হবে। প্রতিবছর পাইপ বসাই, টাকাও দিই, অফিসার আসিলে ওঠে থুবার কয়।’একই গ্রামের দেবেন চন্দ্র রায় (৬৫) বলেন, ‘এই ক্যানেল দিয়া অইন্য যাগার মানুষ (অন্য এলাকার) আবাদ করেছে আর হামার বাড়ির ওপর দিয়া ক্যানেল গেইছে, হামরা পানি নিবার পারি না।’ক্যানেলের ডান প্রান্তের মাঝপাড়া গ্রামের কৃষক তসলিম উদ্দিনের ছেলে মাতিন (১৮) বলেন, ‘ক্যানেলের পশ্চিম পাশে একটা সাইড ক্যানেলও দেয় নাই। পাইপ বসালে এক টাকা দেও, ওক টাকা দেও, পাইপ ভাঙ্গি দেয়। ওই জন্য হামরা স্যালো দিয়া আবাদ করি।’রামনগর দোলাপাড়া গ্রামের পরিমল চন্দ্র রায় বলেন, এখানে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো আউটলেট বা শাখাখাল নেই। পাইপ বসিয়ে পানি নেওয়ার জন্য পাউবো প্রতি একর জমিতে সেচ প্রদান বাবদ টাকাও নেয়। পানি উন্নয়ন বোর্ড বলে এটা নাকি অবৈধ। এভাবে পানি নেওয়া যাবে না। যদি পানি নেওয়া না যায়, তাহলে আমরা কি জমি আবাদ করব না? এখানে যদি একটা আউটলেট করে তাহলে আমাদের অবৈধভাবে পানি নিতে হতো না। এ ব্যাপারে পাউবো, নীলফামারী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, পাইপ বসানোর ব্যাপারে অনেকে আবেদন করে। কিন্তু অনুমোদন না থাকায় আমরা অনুমতি দিতে পারি না । তিনি বলেন, এ বছর পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী ডিভিশনের আওতায় ১৪ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হবে। দুন্দিবাড়ী থেকে চাঁদেরহাট পর্যন্ত ১১টি শাখাখাল আছে। ওই খালগুলো প্রতিবছর সমিতির মাধ্যমে ইজারা দেওয়া হয়। এবারও ইজারা দেওয়ার জন্য দুই দফা দরপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু কেউ আগ্রহ দেখায়নি। আবারও তৃতীয়বার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ৫০ লাখ টাকা ব্যয়ে খালগুলো সংস্কারের জন্য দরপত্র নেওয়া হয়েছে কিন্তু অর্থ ছাড় না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। কৃষকদের দাবি অনুযায়ী, শাখাখাল না বাড়ানোর কারণ হিসেবে বলেন ওসব এলাকায় শাখাখালের ডিজাইন না থাকায় করা যাচ্ছে না। এরপরও ডিজাইন পাঠানো হয়েছে, অনুমোদন পেলে করা হবে। তিনি বলেন, যত্রতত্র শাখাখাল করা হলে ক্যানেলের অস্তিত্ব থাকবে না। নির্বাহী প্রকৌশলী বলেন, শাখাখাল না বাড়িয়ে সমিতির মাধ্যমে ফিল্ড চ্যানেল করে অনেক দূর পর্যন্ত পানি নিয়ে সেচকাজ পরিচালনা করা সম্ভব।