সেচ বাবদ অতিরিক্ত ৬৯৩ কোটি টাকা কৃষকের ঘাড়ে
জ্বালানি তেলের দাম বাড়ায় শুধু ডিজেল বাবদ কৃষকের ঘাড়ে অতিরিক্ত ৬৯৩ কোটি টাকার চাপ পড়বে। ডিজেলচালিত সেচযন্ত্রগুলোয় এ অতিরিক্ত খরচ হবে। একই সঙ্গে পরিবহন খরচ বাড়বে ২ শতাংশ।সব মিলিয়ে প্রতি কেজি চালের উৎপাদন খরচ বড়জোর ৫০ পয়সা বাড়বে। সরকারি ও বেসরকারিভাবে তৈরি করা প্রাথমিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।অর্থনীতিবিদেরা মনে করেন, ডিজেলের দাম স্থির বা সামান্য বাড়ানো উচিত ছিল। কেননা সামান্য এ বৃদ্ধির সুযোগে সেচপাম্পের মালিক ও পরিবহনমালিকেরা বাড়তি টাকা কৃষকদের কাছ থেকে আদায় করে নিতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।গত রোববার এক নির্বাহী আদেশে সরকার সব ধরনের তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়িয়ে প্রতি লিটার অকটেনের দাম ৮৪ টাকা, পেট্রল ৮১, ডিজেল ও কেরোসিন ৫১ এবং ফার্নেস তেলের দাম ৫০ টাকা করেছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিসাবে দেশের ৩৩ লাখ পাঁচ হাজার ২০০ হেক্টর জমি ডিজেলচালিত সেচযন্ত্রের আওতায় রয়েছে। এতে ১১ কোটি আট হাজার ৫২২ লিটার ডিজেল ব্যবহূত হয়। ফলে এ জমির কৃষকদের ঘাড়ে প্রতি লিটারে পাঁচ টাকা অতিরিক্ত খরচ যোগ হবে। এই হিসাবে শুধু সেচ বাবদ অতিরিক্ত ৬৯৩ কোটি টাকা খরচ বাড়বে।বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের পরিচালক ড. ইফতেখারুল ইসলাম বলেন, ডিজেলের দাম বাড়ায় শুধু উৎপাদনের ক্ষেত্রে প্রতি কেজি চালে খরচ বাড়বে ৪০ থেকে ৫০ পয়সা। তবে বাজারে এখনো ধানের দাম উৎপাদন খরচের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি আছে। ফলে ডিজেলের মূল্য বৃদ্ধি নতুন করে ধান-চালের দাম বাড়াবে না।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় সরকারের ভর্তুকি বাবদ চাপ বেড়ে গেছে। পার্শ্ববর্তী দেশগুলোয় তেলের দাম বাংলাদেশের চেয়ে কম, এ কথা উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান রোধেও তেলের দাম বাড়ানো উচিত হয়েছে।কিন্তু ডিজেলের দাম বাড়লে সেচ ও পরিবহন খরচ বেড়ে তার চাপ কৃষক ও গরিব মানুষের ওপর বেশি পড়ে, এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় কী ভাবছে, জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, আগামী বোরো মৌসুম ছাড়া সামনে সেচের প্রয়োজন হবে না। সেচ মৌসুম শুরু হলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কৃষি মন্ত্রণালয় ডিজেলের দামের ব্যাপারে তাদের অবস্থান নেবে।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন এ ব্যাপারে বলেন, সাধারণত সরকার ডিজেলের দাম কিছুটা কম রাখার চেষ্টা করে। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ায় এবার দাম বাড়ানো ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। তবে তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে পাম্পমালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে থাকেন; পরিবহনমালিকেরা কৃষিপণ্যের পরিবহন খরচ ইচ্ছেমতো বাড়িয়ে দেন। সরকারকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে।