সেচে নতুন বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বোরো ধান আবাদের মৌসুমে প্রায় ৩০ হাজার সেচগ্রাহক (কৃষক) নতুন বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না। এর কারণ দুটি। এক, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি। দুই, অধিকাংশ বিতরণ উপকেন্দ্র ও লাইন ক্ষমতার চেয়ে বেশি বিতরণের ভারে নাজুক।দ্বিতীয় কারণটি পুরোনো সেচগ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়াও অনিশ্চিত করে তুলেছে। কারণ, ক্ষমতার চেয়ে বেশি বিতরণের ভারে নাজুক উপকেন্দ্র ও লাইনের (ফিডার) মাধ্যমে সব গ্রাহকের জন্য একটানা আট-নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। তাই সেচের ফিডারেও লোডশেডিং হবে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।সেচের জন্য বিদ্যুৎ-সংযোগ দেওয়া, সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন ও সরবরাহ, বোরো খেতে পানির ব্যবহার প্রভৃতি সম্পর্কে নির্দেশনা দিয়ে একটি চিঠি সারা দেশের সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, বরেন্দ্র ও কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচযন্ত্রচালিত এলাকায় বিতরণব্যবস্থার ধারণক্ষমতা থাকলে সংযোগ দেওয়া যেতে পারে।অন্যত্র বিদ্যুৎ বিতরণব্যবস্থার ধারণক্ষমতা ছাড়াও ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদ-নদীর পানি বেশি ব্যবহারের সুযোগ আছে কি না, সেব বিষয় বিবেচনায় নিতে হবে।সরকারি সূত্রগুলো জানায়, সেচভুক্ত প্রায় ৯০ শতাংশ এলাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন। আরইবির বিতরণব্যবস্থার শতকরা ৮০ ভাগেরও বেশি ওভারলোডেড বা ক্ষমতার চেয়ে বেশি বিতরণের ভারে নাজুক। ফলে আরইবির পক্ষে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে না। এ বছর সেচযন্ত্রে সংযোগের জন্য প্রায় ২৮ হাজার নতুন আবেদন জমা পড়েছে। আরইবি ছাড়া পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ও পিডিবির বিতরণ অঞ্চল মিলে সেচের জন্য আরও প্রায় চার হাজার নতুন বিদ্যুৎ-সংযোগের আবেদন রয়েছে। এই প্রায় ৩২ হাজার নতুন সেচগ্রাহককে সংযোগ দেওয়া হলে এ বছর সেচের জন্য বাড়তি বিদ্যুৎ সরবরাহ করতে হবে প্রতিদিন প্রায় দুই হাজার মেগাওয়াট।পিডিবির সূত্র জানায়, রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচের জন্য দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করা সম্ভব। কিন্তু বিতরণব্যবস্থার কারণে তা গ্রাহক পর্যায়ে সুষ্ঠুভাবে সরবরাহ করা সম্ভব হবে না। তাই সেচগ্রাহকদের নতুন সংযোগ দিলেও কোনো লাভ হবে না। তাঁরা বিদ্যুৎ পাবেন না। সেচের জন্য নতুন সংযোগ দেওয়া হোক বা না হোক, আর কয়েক দিনের মধ্যে শুরু হতে যাওয়া প্রায় চার মাস বিস্তৃত সেচ মৌসুমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা (লোড ম্যানেজমেন্ট) করা হবে গত বছরের মতোই। অর্থাৎ রাত আটটায় খাদ্য ও ওষুধ ছাড়া সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে। সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত) শিল্পকারখানা জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। পানির পাম্পসহ ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারও ওই সময় বন্ধ রাখতে হবে। সপ্তাহের একেক দিন একেক এলাকার দোকানপাট ও শিল্পকারখানায় ছুটি (হলিডে স্ট্যাগারিং) থাকবে। সেচযন্ত্র চালানো যাবে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত। তবে সরকারি নির্দেশনা হচ্ছে—ওই সময় কোনো ফিডারে বিশেষ কারণে কোনো দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে পরদিন দিনের বেলায় সেই নির্দিষ্ট ফিডারের গ্রাহকেরা সেচযন্ত্র চালাতে পারবেন।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর প্রায় ৪৮ লাখ একর জমিতে বোরো চাষ হবে। সেচযন্ত্র ব্যবহূত হবে প্রায় ১৫ লাখ। এর মধ্যে আড়াই লাখের মতো বিদ্যুৎ-চালিত।ভরা সেচ মৌসুমে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত লোড ব্যবস্থাপনার পরও দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাড়ে সাত হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু সর্বোচ্চ উৎপাদন সাড়ে ছয় হাজার মেগাওয়াটের বেশি হওয়ার সম্ভাবনা কম।