বোরো চাষ: ভর্তুকি না দিলে ধানের উৎপাদন খরচ বাড়বে। কিন্তু দাম সেই হারে না বাড়লে ক্ষতির মুখে পড়বেন কৃষক
সেচে ব্যবহূত ডিজেলে ভর্তুকি অনিশ্চিত
বোরো চাষে সেচের জন্য ব্যবহূত ডিজেলে কৃষককে ভর্তুকি দেওয়ার কথা ভাবছে না সরকার। সম্প্রতি সরকার ডিজেলের দামও বাড়িয়েছে। ভর্তুকি না দিলে বোরো ধানের উৎপাদন খরচ বাড়বে। কিন্তু ধানের দাম সেই হারে না বাড়লে কৃষক ক্ষতির মুখে পড়তে পারেন। অবশ্য গত দুই বছরও ডিজেলে ভর্তুকি দেওয়া হয়নি।মাস খানেক আগেই সেচ মৌসুম শুরু হয়েছে। এবার সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি প্রায় ৩০ হাজার কৃষককে। তাঁরাও বাধ্য হয়ে ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহার করছেন। কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভর্তুকি দেওয়ার বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।তবে যাঁরা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছেন, সরকার সেই কৃষকদের বিদ্যুৎ বিলের ওপর অন্য বছরের মতো এবারও ২০ শতাংশ রেয়াত দেবে। ফলে বিদ্যুতের দাম বাড়লেও কৃষকদের কিছুটা ব্যয় সাশ্রয় হবে। এতে বোরো ধানের উৎপাদন ব্যয়ের দিক থেকে কৃষকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। সেচের জন্য বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাওয়া কৃষক ফসলের যে দাম পেলে লাভবান হবেন, সেই দাম ডিজেল ব্যবহারকারী কৃষকের লোকসানের কারণ হতে পারে।সরকার ২০১০ সালে ৯১ লাখ ৬১ হাজার ৫৯৪ জন বোরো চাষিকে সেচের জন্য ভর্তুকি হিসেবে মোট ৭৪৮ কোটি ৭১ লাখ টাকা দিয়েছিল। এ ছাড়া এক কোটি ৮২ লাখ কৃষি পরিবারকে দিয়েছিল উপকরণ সহায়তা। ওই বছর প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৪৬ টাকা। ২০১২ সালের শুরু থেকে প্রতি লিটার ডিজেলের দাম হয় ৫১ টাকা। এ বছর তা ৬৮ টাকা।ডিজেলে ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা না করার যুক্তি হিসেবে মন্ত্রণালয় সূত্র বলে, ২০১১ ও ২০১২ সালেও ডিজেলের জন্য ভর্তুকি দেওয়া হয়নি। কিন্তু উৎপাদনে এর প্রভাব পড়েনি। চলতি অর্থবছরে বরাদ্দ প্রায় এক হাজার ২০০ কোটি টাকার খাদ্যশস্য আমদানি করতে হয়নি। ফলে খাদ্য মন্ত্রণালয়ের নয় হাজার ৬৫ কোটি টাকার মূল বাজেট থেকে প্রায় এক হাজার কোটি টাকা কমিয়ে আনা হচ্ছে সংশোধিত বাজেটে।জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ডিজেলে ভর্তুকি না দেওয়ায় বোরো চাষের এলাকা কিংবা উৎপাদনের ওপর খুব বড় বিরূপ প্রভাব না-ও পড়তে পারে। কারণ, বোরো চাষে সেচের খরচ হচ্ছে মোট খরচের ২০ শতাংশ। ডিজেলের দাম ১০ শতাংশ বাড়লেও ধান-চালের দাম বর্তমান পর্যায়ে ধরে রাখতে পারলে সেচের এই খরচ বৃদ্ধিতে কৃষক তেমন একটা ক্ষতিগ্রস্ত হবেন না।মাহবুব হোসেন বলেন, কৃষক এখন পানির ব্যবহার কমানোর ব্যাপারে সচেতন। আগাম বৃষ্টির সুবিধা নেওয়ার জন্য চাষের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন তাঁরা। সব মিলে একটা ভারসাম্য সৃষ্টি হচ্ছে। বোরো চাষে এখন বড় খরচ হচ্ছে শ্রমিকের পেছনে। ধান লাগানো, কাটা, মাড়াইয়ের কাজগুলো যান্ত্রিকীকরণ করা গেলে কৃষকের অনেক বেশি সাশ্রয় হবে।