সেচের অভাবে বিঘ্নিত হচ্ছে শিবগঞ্জে বোরো আবাদ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সেচের অভাবে বোরো আবাদ বিঘ্নিত হচ্ছে। খরা, অনাবৃষ্টির ফলে সবগুলো নদ-নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়ায় প্রকৃতিনির্ভর দেশি পদ্ধতিতে সেচপদ্ধতি কার্যত অচল হয়ে পড়েছে। অসংখ্য সেচপাম্প বন্ধ থাকছে দিনের পর দিন। ফলে থোড় বেরোনোর এই উপযুক্ত সময়ে দেবে যাচ্ছে বোরো চারা। পাশাপাশি জমিতে পোকার আক্রমণে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।চলতি বোরো মৌসুমের শুরুতেই এ উপজেলাজুড়ে ফসলের মাঠ সবুজ রঙে ভরে ওঠে। অধিক ফলনের সম্ভাবনা কৃষককে আশাবাদী করে তোলে। কিন্তু চাষাবাদ মৌসুমের এ পর্যায়ে এসে প্রতিকূল পরিস্থিতিতে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।বোরো জমিতে চূড়ান্ত পরিচর্যার সময় এখন। কৃষকেরা জানান, ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে ও চৈত্রের প্রথম দিকের দুই দফা সেচে জমির মাটি কোমল হয়। এতে চারার গোছা মোটা হয়ে থোড় বেরোতে শুরু করে। অথচ পানির অভাবে জমির মাটি শক্ত হয়ে ফেটে যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির প্রতীক্ষা করছেন। কিন্তু গত ১৭ মার্চ পর্যন্ত এ উপজেলায় বৃষ্টিপাতের কোনো দেখা মেলেনি।এ উপজেলার অনেক জমি নদ-নদী ও খাল-বিলের পানির সেচের ওপর নির্ভরশীল। কিন্তু খরায় সেগুলো শুকিয়ে গেছে। পরিস্থিতি এমন যে এখন গাংনাই নদীর মধ্য দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। ফলে পানির অভাবে চৌচির হয়ে পড়া বোরো জমির চারা বিবর্ণ হয়ে যাচ্ছে।বারোচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় এবং অব্যাহত খরায় চলতি বোরো মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেচপাম্পগুলো বিদ্যুতের বারবার আসা-যাওয়ার কারণে সঠিকভাবে চালানো যাচ্ছে না। যখন বিদ্যুতের বেশি প্রয়োজন হয় তখনই শুরু হয় বিদ্যুতের আসা-যাওয়া। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। এ ছাড়া যে সময়টুকু বিদ্যুৎ দেওয়া হয় তার বেশির ভাগ সময়ই থাকে লো-ভোল্টেজ। ফলে কৃষকেরা ঠিকমতো জমিতে সেচ দিতে পারছেন না।উপজেলার তালতলা গ্রামের কৃষক মহসীন আলী (৪৫) জানান, তিনি দুই বিঘা জমিতে বোরো আবাদ করছেন। তাঁর জমিতে এখন সেচের খুব প্রয়োজন। কিন্তু বিদ্যুতের অভাবে সঠিকভাবে সেচ দিতে পারছেন না। তাই জমি ধীরে ধীরে ফেটে যাচ্ছে। একই গ্রামের নজরুল ইসলাম (৪৪) তিন বিঘা জমিতে বোরো চাষ করছেন। প্রয়োজনীয় পানির অভাবে তাঁর জমিরও একই অবস্থা।এই পরিস্থিতিতে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো বোরো জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষকেরা জানান, ফাল্গুনের শেষের দিকে এসে মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে। কোথাও কোথাও ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। পোকাগুলো পাতার রস শুষে নিয়ে চারার গোড়া কেটে দিচ্ছে। যে জন্য ধূসর হয়ে পড়ছে চারা। কীটনাশক ছিটিয়েও পোকা সম্পূর্ণ দমন করা যাচ্ছে না।উপজেলার ডেপচণ্ডি গ্রামের কৃষক আনোয়ার হোসেন (৩৫) বলেন, ‘এমনিতেই জমিত পানি দিবার পরিচ্চি ন্যা। তার ওপর পোকা লাগায় ফসলের যে কী হবি তা বুজব্যার পারিচ্চি ন্যা।’কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে পড়ছে। দাদন-লগ্নি করে ফসল আবাদে নেমে স্বস্তি পাচ্ছেন না তাঁরা। এবার কৃষকের সারের কোনো সমস্যা নেই। তার পরও প্রধানত সেচের অভাব আর অনাবৃষ্টি ম্লান করে দিচ্ছে কৃষকের স্বপ্ন।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরোর চাষ করা হচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আশা করা যায় বাম্পার ফলন হবে। তিনি আরও বলেন, উচ্চফলনশীল জাতের ধান গাছে পোকা লাগার পরিমাণ বেশি। কীটনাশক ব্যবহার করে যা দমন করা সম্ভব।