হারঘে কৃষককে বাঁচাইতে হইলে ওপরকে কহেন তাড়াতাড়ি হাঁরাকে কারেন্ট দিক। আর কিছু না দিলেও হইবে।’ গত বুধবার দুপুরে এভাবেই নিজের চাওয়ার কথা বলছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহরাপুর গ্রামের নাইমুল হক। বিদ্যুতের অভাবে জমিতে সেচ জোগাতে না পেরে চোখে অন্ধকার দেখছেন তিনি। দুই ভাই মিলে এবার সাত বিঘা জমিতে বোরো লাগিয়েছেন। গত ২৬ মার্চের পর জমিতে আর সেচ দিতে পারেননি তাঁরা। অথচ ধানগাছে যেভাবে শিষ এসেছে, দু-তিন দিনের মধ্যে পানি দিতে না পারলে চিটা হয়ে যাবে বেশির ভাগ ধান।প্রতিবেশী মো. শুকুরউদ্দিন জানান, গতবারের ভালো ফলনে উৎসাহিত হয়ে এবার পাঁচ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলেন। গত বছর চার বিঘা জমিতে ৪৮ মণ ধান পেয়েছিলেন। প্রতি বিঘা জমিতে এবার বীজ, সার ও সেচ মিলিয়ে পাঁচ হাজার টাকা খরচ করেছেন। এবারও ফলন খারাপ হয়নি। শিষ এসেছে ধানগাছগুলোতে, কিন্তু ২৮ মার্চের পর থেকে এক ফোঁটা পানি পায়নি জমিগুলো। চৈত্রের প্রচণ্ড দাবদাহে ফেটে চৌচির হওয়া জমি থেকে ধানগাছ উপড়ে এনে দেখালেন শুকিয়ে যাওয়া গোড়া। ধানে এর মধ্যেই চিটা এসেছে।আবদুস সাত্তার (২৮) জানালেন, এবার আড়াই বিঘা জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু সেচের কারণে তিনিও নাকাল হতে চলেছেন। ১৩ দিন পর গত বুধবার সকালে যা-ও পানি পেলেন, ১৬ মিনিট পর ফের উধাও বিদ্যুৎ। অন্তত আড়াই-তিন ঘণ্টা বিদ্যুৎ দরকার পুরো জমিতে সেচের জন্য। ফসল আর বাড়িতে তোলা যাবে কি না, সেটাই তাঁর প্রশ্ন।বুধবার বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ী, মোহনপুর, তানোর ও পুঠিয়া এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় অধিকাংশ জমিতে দুই সপ্তাহের আগে পানি দেওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর অন্যান্য এলাকাতেও সেচের অভাবে পর্যুদস্ত হচ্ছেন কৃষক। ১৫-২০ দিন পর পর পালা করে খেতে সেচ দিতে হচ্ছে। কৃষকেরা বলছেন, এভাবে সেচ দিয়ে ধান বাঁচানো যাবে না।স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা অকপটে স্বীকার করছেন, রাতের বেলা কৃষি জমিতে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বললেও তা দেওয়া যাচ্ছে না। ফলে বোরো ধানের জন্য এ মুহূর্তে যে পরিমাণ সেচের প্রয়োজন, তা মেটানো সম্ভব হচ্ছে না। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প ও জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ সংকটের পাশাপাশি এবার বৃষ্টি কম হওয়া ও বীজতলা সংকটের কারণে দেড় মাস দেরিতে বোরো চাষ শুরুসহ নানা কারণে ফলন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার খাদ্যনিরাপত্তা এবার বিঘ্নিত হতে পারে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ৮৩ হাজার ৮১১ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছিল। তিন লাখ ১৪ হাজার ৬৮৫ মে. টন লক্ষ্যমাত্রার বিপরীতে সেবার উৎপাদন হয়েছিল তিন লাখ ৩৪ হাজার ৫৩২ মে. টন ধান।এবার ৮১ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ২৮ হাজার ৪৪ মে. টন। এই ফসলের জমিতে ৬৪ হাজার ৮২টি গভীর নলকূপ, ১৩ হাজার ৫৩২টি অগভীর নলকূপ, তিন হাজার ৫১৬টি লো লিফট পাম্প (ভূ-অপরিস্থ পানি সেচে ব্যবহূত) থেকে সেচ দেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন কৃষি কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, সেচ সংকটের কারণে কোনো কোনো প্রকল্পের কৃষকেরা নলকূপ থেকে অপেক্ষাকৃত দূরের জমি বাদ দিয়ে কাছের জমির ধান বাঁচানোর চেষ্টা করছেন।পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামের আজিমুদ্দিন ও মহসিন আলী জানালেন, তাঁরা ১২ দিন ধরে জমিতে সেচ দিতে পারেননি। ফলে পুরো জমি ফেটে গেছে। মাঠের ফসল শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবেন কি না, সে আশঙ্কা তাঁদের তাড়িয়ে ফিরছে।মোহরাপুর গ্রামের সেচযন্ত্র পরিচালনাকারী মোহাম্মদ ইলিয়াস আলী জানালেন, পল্লী বিদ্যুতের মাধ্যমে সেচযন্ত্রগুলো পরিচালিত হয়। গত ১৫ দিন কত ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন গড়ে সর্বোচ্চ ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। কিন্তু যে পরিমাণ জমি আছে তাতে ন্যূনতম ২০ ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন। ফলে ওই সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী পানি জোগানো সম্ভব হচ্ছে না।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক এস এম আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এবার রাজশাহীতে ৩০ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এই প্রথম বারের মতো আমনে সেচ দিতে হয়েছে। পদ্মা নদীতে পানি নেই। তার ওপর রয়েছে অব্যাহত বিদ্যুৎ ঘাটতি। এ ছাড়া কৃষকদের অন্য শস্য আবাদে উৎসাহিত করতে এক-তৃতীয়াংশ ধানের আবাদ কমাতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তা শোনেননি। তিনি বলেন, নানা বিবেচনায় ফলন বেশি হলেও ব্রি-২৯- এর পরিবর্তে ব্রি-২৮ জাতের ধানচাষেরও পরামর্শ দেওয়া হয়। কারণ, এই জাতের ধান ১৫ দিন আগেই পাকে। এতে ১৫ দিনের বিদ্যুৎ সাশ্রয় হয়।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহসীন আলী মিয়া বলেন, মাটি শুকিয়ে গেলেই যে ভেতরে পানি নেই, এটা ঠিক না। মাটির নিচে পানি থাকে। এই এলাকার মাটির বৈশিষ্ট্যই এ রকম যে দু-এক দিন পানি না দিলেই ফেটে যায়। তাঁর মতে, এবার ফলন কিছুটা কম হতে পারে। ব্যাপক বিপর্যয় হবে না।রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, জমিতে সেচের জন্য যে পরিমাণ বিদ্যুৎ দরকার, তার অর্ধেকও পাওয়া যায় না। রাতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা নেই।