সেচের চিন্তায় দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইর খাই নাই, কিন্তু বাকি আর কী আছে?্রঅত্র এলাকার মানুষ শান্তিপ্রিয়, ফার ডিফারেন্ট। কিন্তু অপমান যা হবার সব অইছে। সময়মতো পানি দিবার পারি নাই।’ এক নিঃশ্বাসে বললেন মুক্তাগাছার ভাসাটি গ্রামের সেচ নলকূপের ব্যবস্থাপক বিলাল মিয়া। তবে সব জায়গায় মানুষ এত ‘শান্তিপ্রিয়’ নন। ধৈর্যের বাঁধ ভেঙেছে অনেকেরই। তারাকান্দা থানার দুটি গ্রামে পানির ‘সিরিয়াল’ নিয়ে মারামারি করে কয়েকজন এখন হাসপাতালে। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এই সেচের পানি নিয়েই।Êআর সবকিছুর জন্য দায়ী বিদ্যুৎ সরবরাহের ঘাটতি।স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা অকপটে স্বীকার করেছেন, সেচের জন্য রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেওয়া হলেও তাঁরা সে অনুযায়ী বিদ্যুৎ দিতে পারছেন না। বোরো ধানের খেতে এখন প্রচুর সেচের দরকার। কিন্তু বিদ্যুতের অভাবে গভীর নলকূপগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। ধানগাছের ৪৫ দিন বয়সে যে সার দেওয়া হয়েছিল, পানির অভাবে মাটি তা শুষে নিতে পারছে না। যে শিষ বেরোচ্ছে তাতে ধান কতটা পুষ্ট হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে কৃষকদের মধ্যে।‘কথা বইলা কী অইব, সব শ্যাষ’—পরিস্থিতি বোঝাতে বললেন মুক্তাগাছা উপজেলার ভাসাটি গ্রামের কৃষক মোর্শেদ আলম। এ মৌসুমে তিনি আট কাঠা জমিতে আবাদ করেছেন। ধারকর্জ করে ধান বুনেছেন। এক কাঠা জমিতে খরচ কমপক্ষে এক হাজার ২০০ টাকা। তাঁর জমির বেশির ভাগ ধানগাছ লালচে হয়ে গেছে। বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় থোড় থেকে শিষ বেরিয়েছে।্রপর্যাপ্ত পানি না পাওয়ায় এ থেকে পুষ্ট ধান হওয়ার সম্ভাবনা নেই। মোর্শেদ আশা করেছিলেন, প্রতি কাঠায় চার মণ ধান অন্তত পাবেন। এখন আশঙ্কা দুই মণ নিয়েও। ঋণ শোধ করতে না পারলে জমি বেচতে হবে—দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তিনি।মোর্শেদ আলমের সঙ্গে ছিলেন মো. সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আবদুল মান্নান, মোহাম্মদ রিয়াজ মিঞা, মতিউর রহমানসহ আরও কয়েকজন কৃষক। সবার একই দাবি, বিদ্যুৎ চাই; নইলে ফসল ফলবে না। সরকারের ওপর ক্ষুব্ধ সবাই। একজন বলেই বসলেন, ‘বিদ্যুতের এমন ব্যাগোর (অভাব)! বিদ্যুৎ দিতে না পারলে আর কৃষকের জন্য এত কান্দন কিসের?্রপ্রধানমন্ত্রী্রআইসা খেতের পাড়ে দাঁড়াইয়া দেহুক, কম টাকায় কেমনে চাইল খাওয়াইব?’বৃদ্ধ মতিউর রহমান আফসোস করে বলেন, ধান চাষের ঝুঁকিতে না গিয়ে শুধু চারা বিক্রি করে দিলেও লাভ থাকত। পাঁচ কেজি বীজের চারাই এবার বিক্রি হয়েছে কমপক্ষে এক হাজার ৫০০ টাকায়। এখন এত টাকা খরচ করে খেতমজুরি, সার, কীটনাশক, পানি—সবকিছুর জোগান দিয়ে আসলটাও উঠবে কি না সন্দেহ।স্থানীয়ভাবে ‘টিউবওয়েল ম্যানেজার’ হিসেবে পরিচিত নলকূপের ব্যবস্থাপক বিলাল মিয়া জানালেন, এ মৌসুমে তাঁর কাছ থেকে সংযোগ নিয়েছেন ৭০ জন কৃষক। একেকজনের জমিতে দুই দিন দুই রাত পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে পারলেই চলে। কিন্তু সাত-আট দিন চেষ্টা করেও তিনি পুরো জমিতে সেচ দিতে পারছেন না। বিলাল মিয়া জানালেন, আগে যেখানে পানি তুলতে এক ঘণ্টা লাগত, পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেখানে এখন তিন ঘণ্টা পর্যন্ত লাগছে। এর ওপর বিদ্যুৎ থাকে না। যখন আসে, তখন আবার ভোল্টেজের ওঠা-নামা। এবার এ পর্যন্ত তিনবার তাঁর মেশিন নষ্ট হয়েছে। ওদিকে কৃষকেরা সাফ জানিয়ে দিয়েছেন, ফসল না উঠলে তাঁরা পুরো টাকা দেবেন না।খোঁজ নিয়ে দেখা গেছে, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, গৌরীপুর, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ধোবাউড়াসহ প্রায় সব উপজেলার বেশির ভাগ এলাকায় দিনে কখনো টানা দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। বেশির ভাগ ক্ষেত্রেই একনাগাড়ে সেচ দিয়েও একজন কৃষকের পুরো জমি ভেজানো সম্ভব হচ্ছে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়ে সেচপাম্পের মালিকদের বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পাম্প চালাতে।মুক্তাগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘কৃষকদের সেচের এ সময় জানিয়ে উদ্বুদ্ধ করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। এখন রাতেও বিদ্যুৎ না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। এ কর্মকর্তারা পরিবার নিয়ে স্টেশনগুলোতে থাকেন। লজ্জার ভয়ে কৃষকদের কাছে মুখ দেখাতে পারছেন না। কখন যে জনরোষের শিকার হন, কে জানে।’তাঁর এই উদ্বেগ একেবারে অমূলক নয়। যে তিনটি পল্লী বিদ্যুৎকেন্দ্র থেকে ফুলবাড়িয়া, সদরের অংশবিশেষ, মুক্তাগাছা, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশালে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, এর কোথাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে মুক্তাগাছা পল্লী বিদ্যুতের গোপালপুর কেন্দ্রে ভাঙচুর হয়েছে। জেলার সমন্বয় কমিটির সভায় এই প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে।মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (সেবা) মো. আতিকুজ্জামান জানিয়েছেন, অফ পিক সময়ে চাহিদা ৩৫ মেগাওয়াট, তিনি দিতে পারছেন এর মাত্র অর্ধেক—১৭ মেগাওয়াট। শম্ভুগঞ্জে চাহিদা ২২ মেগাওয়াট, এই কেন্দ্রের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, তিনি সরবরাহ করতে পারছেন নয় মেগাওয়াটের মতো। আর ভালুকা কেন্দ্রের মহাব্যবস্থাপক শাহ জুলফিকার হায়দার লোড ব্যবস্থাপনার মাধ্যমে সফলতা পেয়েছেন, কৃষকেরা ‘খুবই সন্তুষ্ট’—এমন দাবি করার ঘণ্টা দুয়েক পরই আবার মুঠোফোনে বলেন, ‘আসলে বিদ্যুতের সমস্যা তো সারা দেশেই রয়েছে, এখানেও এর ব্যতিক্রম নেই। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।’বিদ্যুৎ অফিসের নিরাপত্তার হয়তো একটা সুরাহা হবে, কিন্তু সমস্যা হতে পারে খাদ্যনিরাপত্তার প্রশ্নে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক বলছিলেন, বোরো ধান বলতে গেলে প্রায় শতভাগ সেচনির্ভর। এর ওপর প্রতিবছর বোরো ধানের চাষের আওতা বাড়ছে। এ বছর জেলায় দুই লাখ ৪৯ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু চাষ হয়েছে প্রায় দুই লাখ ৬১ হাজার হেক্টর জমিতে। এখন সেচ দেওয়া না গেলে ভালো ফলন আসবে না। বৃষ্টির মৌসুম নয় এখন, তবুও ভরসা করতে হচ্ছে বৃষ্টির পানির ওপর। মোজাম্মেল হকের মতে, দু-এক দিন ভারী বর্ষণ হলে আশঙ্কা কিছু কমত।