সেচের জন্য বিদ্যুৎ পেতে ট্রান্সফরমার কিনতে হবে কৃষককে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো চাষে সেচের জন্য পল্লী বিদ্যুতের (আরইবি) নতুন সংযোগ পেতে হলে কৃষককেই কিনে দিতে হবে ট্রান্সফরমার। এ ছাড়া যাঁদের জমি পল্লী বিদ্যুতের বিদ্যমান লাইন থেকে ১০০ মিটারের বেশি দূরে, তাঁদের নতুন বিদ্যুৎ সংযোগ পেতে হলে তারও কিনে দিতে হবে। আরইবির এ বছরের নীতিমালায় এ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।এত দায় ও বাধ্যবাধকতা সত্ত্বেও আবেদনকারী সব কৃষক নতুন সংযোগ পাবেন না। আরইবির সদস্য (পল্লী বিদ্যুত্ সমিতি—পবিস) মোজিবর রহমান প্রথম আলোকে বলেন, এ বছর প্রায় ২৯ হাজার আবেদনকারীর মধ্যে নতুন সংযোগ পাবেন সর্বোচ্চ ১২ হাজার কৃষক। অপরদিকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) যে গ্রাহকেরা বোরো চাষ করবেন, তাঁদের নতুন বিদ্যুৎ সংযোগ নিতে ট্রান্সফরমার কিনে দিতে হবে না। জমি যত দূরেই হোক না কেন, নতুন সংযোগের জন্য তার কিংবা অন্য সবকিছুর সংস্থান কোম্পানিই করবে বলে জানিয়েছেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক স ম হায়দার আলী।তবে সারা দেশে সর্বমোট সেচ সংযোগের প্রায় ৯৮ শতাংশ আরইবির আওতাধীন হওয়ায় ট্রান্সফরমার, তার প্রভৃতি কেনার দায় পড়ছে ৯৮ শতাংশ বোরোচাষির ঘাড়ে। এর ফলে তাঁদের উত্পাদন-ব্যয় বেড়ে যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, গত বছর আরইবির আওতায় মোট সেচ সংযোগ ছিল দুই লাখ ৩৪ হাজার। এ বছর আরও ২৯ হাজার গ্রাহক নতুন সেচ সংযোগের জন্য আবেদন করেছেন; কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে সর্বোচ্চ ১২ হাজার কৃষককে নতুন সংযোগ দেওয়া হতে পারে।এই বৈষম্য ও সমস্যা সম্পর্কে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল রোববার রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আগামী দু-তিন দিনের মধ্যে এসব বিষয় নিয়ে আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করব।’আরইবি সূত্র জানায়, চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ ঘাটতিজনিত সংকট তো আছেই; তার ওপর আছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ভান্ডারে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য অপরিহার্য মিটার, তার, ট্রান্সফরমার প্রভৃতি মালামাল পর্যাপ্ত নেই এই ভান্ডারগুলোতে। আরইবির উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ থাকায় এগুলো কেনার মতো অর্থও নেই। তাই নতুন বিদ্যুৎ সংযোগের জন্য এসব কেনার দায় বহন করতে হবে কৃষককেই।আরইবি সূত্র জানায়, গত তিন বছর ধরে তারা এ ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছিল। দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এ ব্যবস্থা চালুও করা হয়েছিল। ফলে কৃষক এগুলো কেনার মতো অর্থ সময়মতো জোগাড় করতে না পেরে নতুন সেচ সংযোগ নিতে পারেননি, এমন ঘটনাও আছে।আরইবির উন্নয়ন প্রকল্প বন্ধ থাকা প্রসঙ্গে বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদ কয়েক দিন আগে প্রথম আলোকে বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ সরকারি অর্থায়নে উন্নয়নকাজ শুরু করা হবে। দু-একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।আরইবির সদস্য (প্রকৌশল) নাজমুল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের জারি করা একটি সার্কুলারে তাঁদের জানানো হয়েছে, একটি সেচযন্ত্রের আওতাধীন এলাকার মধ্যে (কমান্ড এরিয়া) দ্বিতীয় কোনো সেচযন্ত্রে যেন সংযোগ দেওয়া না হয়। এর ফলে অপেক্ষাকৃত কম সেচযন্ত্র দিয়ে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে নতুন সংযোগ না পাওয়া বোরোচাষিদের অনেকে উপকৃত হবেন।গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় গ্রাহকদের কাছ থেকে আরইবির বিভিন্ন উপকরণের দাম নেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। কমিটি বিদ্যুতের খুঁটি, কেব্ল প্রভৃতির দাম যেসব ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে নেওয়ার দরকার নেই, সেসব ক্ষেত্রে তা না নেওয়ার জন্য আরইবিকে পরামর্শ দিয়েছে। তা ছাড়া কমিটি পল্লী এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণের জন্য আরইবির কাছে সংরক্ষিত বিদ্যুতের মিটার গ্রাহকদের মধ্যে দ্রুত বিতরণের সুপারিশ করেছে।সরকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দেশে খাদ্যশস্য উত্পাদনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রগুলো জানায়, এ বছর সারা দেশে মোট ৪৮ লাখ হেক্টর (এক কোটি ১৮ লাখ ৫৬ হাজার একর) জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মোট ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৯০ লাখ মেট্রিক টন। এ ছাড়া চার লাখ ২৫ হাজার হেক্টর জমিতে ১০ লাখ টনেরও বেশি গম এবং এক লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ১১ লাখ ৭০ হাজার টন ভুট্টা চাষের লক্ষ্য স্থির করা হয়েছে। এসব ফসলই সেচনির্ভর। আগামী মে মাস পর্যন্ত এসব ফসলে সেচ দিতে হবে। ইতিমধ্যে বোরো খেতে সেচ দেওয়া শুরুও হয়েছে। এ বছর চাষাবাদের জন্য মোট সেচযন্ত্র ব্যবহূত হবে প্রায় ১৫ লাখ। এর মধ্যে আড়াই লাখে বিদ্যুত্ সংযোগ থাকবে। এ জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুত্ দিতে হবে। বাকি সাড়ে ১২ লাখ সেচযন্ত্রের জন্য পুরো মৌসুমে ডিজেল দরকার হবে প্রায় ১০০ কোটি লিটার। এ বছর বোরো চাষে মোট সার লাগবে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১৬ লাখ টন ইউরিয়া।