সেচের মৌসুম শুরু, বাড়ছে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধান চাষে সেচের মৌসুম শুরু হয়েছে। বিদ্যুতের চাহিদা বাড়ছে। সঙ্গে বাড়ছে লোডশেডিংও। ঢাকাসহ শহরাঞ্চলে গত মাস পর্যন্ত দুবারেই সীমিত ছিল লোডশেডিং। এখন তা তিনবার হচ্ছে। বিতরণব্যবস্থার সমস্যায় কোথাও হচ্ছে আরও বেশি।গ্রামাঞ্চলে এখন পর্যন্ত চারবারের মধ্যে সীমিত আছে বিদ্যুতের আসা-যাওয়া। তবে সেচের চাহিদা ও আবহাওয়ার মৌসুমি উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তা অসহনীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির ঘাটতি ও সরবরাহ সমস্যার কারণে পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়গুলো নিয়ে আলোচনা ও সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে কাল মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠানের কথা রয়েছে।বিদ্যুতের চাহিদা কত: এ বছর বোরো ধান চাষে বিদ্যুৎ-চালিত সেচযন্ত্র চলবে প্রায় তিন লাখ ৩৬ হাজার। এ জন্য প্রতিদিন বিদ্যুতের স্বাভাবিক চাহিদার সঙ্গে বাড়তি চাহিদা যুক্ত হবে প্রায় এক হাজার ৭০০ মেগাওয়াট।সেচ ও গ্রীষ্ম মৌসুমের জন্য সরকার বিদ্যুতের চাহিদা ও সরবরাহের একটি হিসাব করেছে। সে অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাত হাজার ৭১ মেগাওয়াট। আগামী মার্চ মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাত হাজার ৬৫৫ এবং এপ্রিল মাসে সাত হাজার ৮৭৪ মেগাওয়াট।এই চাহিদা হিসাব করা হয়েছে গ্রাহক প্রান্তের লোড ব্যবস্থাপনাসহ (ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট বা ডিএসএম)। চাহিদার তুলনায় ঘাটতির কারণে সরকার প্রতিদিন শিল্পকারখানা, দোকানপাটসহ প্রভৃতিতে সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ আগেভাগে ঘোষণা দিয়েই বন্ধ রাখে। শহরের একেকটি এলাকার সাপ্তাহিক ছুটি সপ্তাহের একই দিনের পরিবর্তে একেক দিন নির্ধারণ করে দেয়। এতে প্রতিদিন প্রায় দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং হয়। এরই নাম ডিএসএম।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সর্বশেষ হালনাগাদ করা হিসাব অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা সাড়ে আট হাজার মেগাওয়াটেরও বেশি। কিন্তু অনেক কেন্দ্র পুরোনো হওয়ায় প্রকৃত উৎপাদনক্ষমতা সাত হাজার মেগাওয়াটের কম। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছয় হাজার ৩৫০ মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০১২ সালের ৪ আগস্ট। পিডিবির হিসাবে বর্তমানে ডিএসএমসহ বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার ৭০০ মেগাওয়াট। অর্থাৎ বর্তমানে প্রকৃত চাহিদা সাত হাজার ২০০ মেগাওয়াট। আগামী মার্চ-এপ্রিল মাসে পিডিবি যদি বিদ্যুতের উৎপাদন সাড়ে ছয় হাজার মেগাওয়াটেও উন্নীত করে, তার পরও ঘাটতি থাকবে ৭০০ মেগাওয়াট। কিন্তু এখনো বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি গ্যাসের উৎপাদন ঘাটতি এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ-সংকটের কারণে মৌসুমজুড়ে সাড়ে ছয় হাজার মেগাওয়াট উৎপাদন সম্ভব হবে না।গ্যাসের অবস্থা কী: গত চার-পাঁচ বছরে গ্যাসের দৈনিক উৎপাদন বেড়েছে প্রায় ৬০ কোটি ঘনফুট। কিন্তু চাহিদার তুলনায় ঘাটতি চার বছর আগের চেয়ে কমেনি। উৎপাদন বৃদ্ধির তুলনায় চাহিদা বেশি বাড়ায় ঘাটতি বেড়েছে।সেচ ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনের জন্য চলতি মাসে প্রতিদিন ৮৩ কোটি এবং মার্চ থেকে জুন পর্যন্ত প্রতিদিন ১১৫ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পেট্রোবাংলার পক্ষে এই পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, সব সার কারখানা বন্ধ করে দেওয়া হলেও ১১৫ কোটি ঘনফুট সরবরাহ করা সম্ভব নয়। গত বছর সার কারখানা বন্ধ করে প্রতিদিন সর্বোচ্চ ৯৫ কোটি ঘনফুট করে সরবরাহ করা হয়েছিল। এ বছরও সরকার সেই পদক্ষেপ নিলে হয়তো ১০০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করা যেতে পারে, তার বেশি নয়।বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাস সরবরাহ করা হচ্ছে ৭৫ কোটি ঘনফুট পর্যন্ত।জ্বালানি তেল: এ বছর সেচ ও গ্রীষ্ম মৌসুমে তেলভিত্তিক কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হবে প্রতিদিন দুই হাজার মেগাওয়াট। এ জন্য সাড়ে ১১ কোটি লিটার ডিজেল এবং প্রায় ৯৫ কোটি লিটার ফার্নেস তেলের চাহিদা নিরূপণ করা হয়েছে। পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, ওই পরিমাণ তেলের মজুত তারা রাখতে পারবে। কিন্তু তা সুষ্ঠুভাবে সময়মতো সব বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো খুব কঠিন হবে। কারণ, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করার জন্য রেল ও নৌপথের যেসব উন্নয়ন ও সংস্কার করার পরিকল্পনা ছিল, তার অনেক কিছুই এখনো বাকি আছে।ওই সূত্র জানায়, গত বছর সেচ ও গ্রীষ্ম মৌসুমে নয় কোটি ৮০ লাখ লিটার ডিজেল ও ৪৪ কোটি ৫০ লাখ লিটার ফার্নেস তেল সরবরাহ করা হয়। এ বছর ডিজেল-ফার্নেসের মিলিত পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। কাজেই সময়মতো সুষ্ঠু সরবরাহ বড় চ্যালেঞ্জ।গ্যাসের উৎপাদন ঘাটতি ও জ্বালানি তেলের সরবরাহ সমস্যায় বিদ্যুৎ পরিস্থিতি মার্চ-এপ্রিল থেকে অসহনীয় হয়ে উঠতে পারে। তবে গত শনিবার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় এবং গত বছরের তুলনায় ভালো থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার ইসলাম ওই এলাকায় পল্লী বিদ্যুতের (আরইবি) সব মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ওই সভা করেন।বাংলাবাজারে লোডশেডিং: দেশের প্রকাশনাশিল্পের প্রাণকেন্দ্র ঢাকার বাংলাবাজারে লোডশেডিং অসহনীয় হয়ে ওঠার খবর পাওয়া গেছে। মাওলা ব্রাদার্স, নবধারা, বিভাস এবং আরও কয়েকটি প্রকাশনা সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভরা গ্রীষ্মের মতো এক-দুই ঘণ্টা পর পর লোডশেডিং হচ্ছে। কখনো কখনো শুক্র-শনিবার একটানা সকাল থেকে বিকেল পর্যন্ত সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে প্রকাশনার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে।ওই এলাকার বিতরণকারী সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাবাজার এলাকায় বিতরণব্যবস্থার যে ক্ষমতা, চাহিদা তার চেয়ে সব সময়ই বেশি থাকায় (সিস্টেম ওভারলোডেড) লোডশেড না করে উপায় থাকে না।