মৌসুমি কারণে বিদ্যুতের চাহিদা বর্তমানে অনেক কম থাকলেও দৈনিক উৎপাদন-ঘাটতি চলছে প্রায় ৯০০ মেগাওয়াট। মাস খানেকের মধ্যে শুরু হবে বোরো চাষে সেচ কার্যক্রম। তখন চাহিদা বাড়বে স্বাভাবিকের তুলনায় অন্তত দেড় হাজার মেগাওয়াট। সেচ মৌসুমের মধ্যেই মধ্য ফেব্রুয়ারির পর শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। তা শেষ হতে না-হতেই শুরু হবে গ্রীষ্মের বর্ধিত চাহিদা।এ সময়ের মধ্যে নতুন বিদ্যুৎকেন্দ্রও চালু হবে বেশ কয়েকটি। তার পরও চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকবে এবং তা চলবে সারা বছর। সরকারের হিসাব অনুযায়ী, ২০১২ সালের সেচ ও গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে একটা সামঞ্জস্য আসবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, আসন্ন সেচ থেকে শুরু করে গ্রীষ্মকালীন চাহিদার সময়গুলোতে যাতে কেন্দ্রগুলোর ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যায়, যাতে কোনোভাবে উৎপাদন বিঘ্নিত না হয়, সে জন্য বেশ কিছু কেন্দ্র বন্ধ করে মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। শীতের কারণে চাহিদা কিছুটা কম থাকায় ওই সব কাজ করার জন্য এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। সূত্র জানায়, মেরামত রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া গ্যাস সরবরাহ কম থাকায় আরও প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। সব মিলিয়ে পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল সোমবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল চার হাজার ২৫০ মেগাওয়াট। আর গতকালের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল তিন হাজার ৫৮৬ মেগাওয়াট। এই হিসাবে গতকাল দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৬৬৪ মেগাওয়াট।কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের লোডশেডিংয়ের হিসাব নিয়ে দেখা গেছে, গতকাল বিদ্যুতের ঘাটতি ছিল অন্তত ৯০০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদা ছিল প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২২ মাসে (জানুয়ারি ’০৯ থেকে নভেম্বর ’১০) জাতীয় গ্রিডে মোট এক হাজার ২১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের উদ্যোগের ফল ৩০০ মেগাওয়াট (কুইক রেন্টাল ২৫০ এবং তিন বছর মেয়াদি ঠাকুরগাঁও রেন্টাল ৫০ মেগাওয়াট)। বাকি সব কটির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে।তবে বর্তমানে কুইক রেন্টালসহ যেসব নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে, তাতে আগামী এপ্রিল মাসের মধ্যে এক হাজার ৩৫০ মেগাওয়াট এবং আগামী বছরের মধ্যে আরও ৯৮৪ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। অবশ্য নভেম্বরে একাধিক নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি।