সেজে উঠছে শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে টমটমের ঘোড়া দুটোর শরীর চটে গিয়েছিল। যানবাহনের ধোঁয়ায় কালো রঙের আবরণে ঢাকা পড়েছিল পুরো টমটম। সেটি এখন আবার ঝকঝকে-তকতকে হয়ে উঠেছে। নগরে যে বিশ্বকাপ ক্রিকেট আসছে, তা-ই জানান দিচ্ছে ঢাকা শেরাটন হোটেল মোড়ের ভাস্কর্য ‘রাজসিক’-এর ঝা-চকচকে রূপ। দিন কয়েক আগে শেরাটন হোটেলের বাইরের আর ভেতরের দেয়ালেও রং লেগেছে। শুধু অভিজাত হোটেলই নয়, রাস্তার পাশের ছোট্ট রেস্তোরাঁও বর্ণিল হয়ে উঠছে। মিরপুরের রোকেয়া সরণি ও শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে এর প্রমাণ মেলে। বিশ্বকাপ সামনে রেখে একইভাবে বদলে যাচ্ছে নগরের পথঘাটও।সাজগোজ করে বিশ্বকাপের শহর হয়ে উঠছে ঢাকা। বিশ্বকাপকে বরণ করে নিতে প্রস্তুতির কমতি নেই কোনো। এটা টের পাওয়া যায় মিরপুরে গেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরের দেয়ালে ফুটে উঠছে কারুকাজ। স্টেডিয়ামের আশপাশের সড়ক, নর্দমা আর ফুটপাতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ের মুসলিম বিরিয়ানির পাশের সড়কটির মুখে যে ভ্রাম্যমাণ ডাস্টবিন ছিল, তা রাতারাতি উধাও। ভাঙাচোরা সেই সড়কটি প্রশস্ত হয়ে উঠেছে। কংক্রিটের ঢালাই দিয়ে মসৃণ করা হয়েছে এটি। তার মাঝে বসেছে সড়ক বিভাজক। মিরপুর ১০ নম্বর মোড়ের ফুটওভারব্রিজের শরীর ঢেকে রাখা রাশি রাশি পোস্টার তুলেফেলা হয়েছে।মোড়ের পুলিশ বক্সের দেয়ালে বসানো হয়েছে বিলবোর্ড, যাতে ফুটে উঠছে সাকিব আল হাসানদের ছবি। নগরের বিভিন্ন সড়কে রাতারাতি বসে গেছে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের বিজ্ঞাপনী বোর্ড। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির উদ্যোগে এরই মধ্যে নগরের ফুটওভারব্রিজে ও ফুটপাতে বসানো শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের প্রচারধর্মী ব্যানার ও ফেস্টুন। এমনটা দেখা গেছে বীর উত্তম জিয়াউর রহমান সড়কে (বিমানবন্দর সড়ক)। বিশ্বকাপ ক্রিকেট আয়োজকদের স্থানীয় কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফীন টুটুল জানান, বিশ্বকাপ উদ্বোধন হওয়ার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের সড়কের ফুটওভারব্রিজগুলোয় আলোকসজ্জা করা হবে। এ ছাড়া দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও দর্শকেরা যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, সেসবের সৌন্দর্য বাড়ানোর জন্যও কাজ করা হচ্ছে।এদিকে বিশ্বকাপের সময় বেশি ব্যবহূত হবে, নগরের এমন সড়কগুলোর পিচের প্রলেপ ভারী হয়ে উঠেছে, আবার এগুলোর বিভাজক ও পিচের বিভিন্ন জায়গায় যান চলাচলের সাংকেতিক দাগগুলো নতুন করে দেওয়া হয়েছে। রোকেয়া সরণি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক (বিমানবন্দর সড়ক) এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশের সড়ক বিভাজকের সৌন্দর্য বাড়ানো হচ্ছে। এসব সড়কের ফুটপাতের চেহারাও পাল্টে গেছে। দৈনিক বাংলার মোড় থেকে ডিআইটি এক্সটেনশন রোডের ফুটপাতে এমনটাই চোখে পড়ছে। এখানকার ফুটপাতে বসানো হয়েছে ঝকঝকে পেভারস (বিশেষ নকশার ইট)। আর পুরো ফুটপাত হয়ে উঠেছে মসৃণ। বিশ্বকাপ সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের সড়ক থেকে হকারও উচ্ছেদ করা হয়েছে। এরই অংশ হিসেবে মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ের হকারদের চৌকি সরিয়ে ফেলা হয়েছে। ফুটপাতে চট বিছিয়ে এখন অনেককে পসরা বিক্রি করতে দেখা যাচ্ছে। এমনই একজন পত্রিকা বিক্রেতা আল আমিন জানান, এখন চৌকি সরিয়ে ফেলেছেন। বিশ্বকাপ খেলা শুরুর কয়েক দিন আগে থেকে এখানে পত্রিকা নিয়েও বসতে পারবেন না।বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগর যে বদলের পথে হাঁটছে, তার উদ্যোক্তা হিসেবে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নাম। ডিসিসির হয়ে আবার সড়ক, ফুটপাত আর নর্দমা উন্নয়ন ও সংস্কারের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে তারা রাজধানীর ২৭টি সড়কের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে। এতে ব্যয় হচ্ছে ৫৪ কোটি টাকা। পুরো কাজের দেখভালে থাকা ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) কর্মকর্তা (বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্পের পরিচালক) কর্নেল আবু সাঈদ মো. মাসুদ বলেন, তাঁদের লক্ষ্য ছিল ৫ ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করার। কিন্তু কাজ শুরুর পর কাজের পরিধি বাড়ায় সময় কিছুটা বেশি লাগছে। ফুটপাত, সড়ক আর নর্দমার সঙ্গে সড়কের সৌন্দর্য বর্ধনের বিষয়টি যুক্ত থাকায় এ কাজেও তাঁদের নজর দিতে হচ্ছে বলে তিনি জানান।