সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতে শেষ
এক রকম ঘোষণা দিয়েই সেঞ্চুরি করলেন রায়ান টেন ডেসকাট। এই বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুটি সেঞ্চুরি পেলেন টেন ডেসকাট। সেই সেঞ্চুরিও আবার ‘হোম গ্রাউন্ডে’! হোম গ্রাউন্ড? আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন হল্যান্ডের এই ব্যাটসম্যান। এই ম্যাচের আগে খোদ টেন ডেসকাট বলেছিলেন, কলকাতা তাঁর নিজের মাঠ। এখানে অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান। কথা রাখলেন ডেসকাট।সেঞ্চুরি দিয়ে শুরু করে সেঞ্চুরি দিয়েই এই বিশ্বকাপটা শেষ করলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ডাচ অলরাউন্ডার। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বোলারদের নাজেহাল করে ১১৯ রান করা ডেসকাট এই বিশ্বকাপে ৬১.৪০ গড়ে ৩০৭ রান করেছেন। প্রথম পাঁচ ম্যাচে উইকেটও পেয়েছেন ৬টি।কালকের সেঞ্চুরিটি করে আইসিসির সহযোগী দেশগুলোর প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুটি সেঞ্চুরির কীর্তি গড়লেন এসেক্সের হয়ে কাউন্টিতে খেলা ডেসকাট। ওয়ানডে ক্রিকেটে অসাধারণ ব্যাটিং গড়ের (৬৭) মালিক ডেসকাটের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। ২০০৬ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে চার দিনের ম্যাচে কানাডার বিপক্ষে করা ২৫৯ রান দিয়ে শুরু করেছিলেন হল্যান্ডের পক্ষে খেলা। এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডেতে ১৫৪১ রান করার পাশাপাশি নিয়েছেন ৫৪টি উইকেটও।২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ফিফটি করেছিলেন জন্টি রোডসকে আদর্শ মানা ডেসকাট। ডাচ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকাকে বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না। তবে রেকর্ডের খাতায় হয়তো পাকাপাকি থেকে যাবে রায়ান টেন ডেসকাটের নাম।