সেঞ্চুরিয়নের মায়াবী বিভ্রম
কতটা সত্যি কে জানে! তবে গল্পটা এমনভাবে মানিয়ে গেছে যে সত্য-মিথ্যার বাছবিচার ফেলে সত্যি ভাবতেই ভালো লাগে। প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৩ করার পর ড্রেসিং রুমে অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দুই ওপেনারকে বললেন প্রথম ১০ ওভার একটু দেখেশুনে খেলতে। মাঠে নামার সময় বীরেন্দর শেবাগ সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ‘কী করব, কীভাবে খেলব? সঙ্গীর উত্তর, ‘কী করবে আবার, স্রেফ ওদের খুন করবে!’শেবাগকে বলেছিলেন বটে, কিন্তু শচীন টেন্ডুলকার দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধেই। যা করলেন, সেটাকে ‘খুন’ বললেও যেন একটু কমিয়ে বলা হয়। ৭৫ বলে ৯৮, ১২ চার, ১ ছয়—ইনিংসটার ধ্বংসাত্মক রূপ তুলে ধরতে পারছে না এই পরিসংখ্যানও। আকরাম-ওয়াকার-শোয়েবদের নিয়ে যেভাবে ছেলেখেলা করেছিলেন, যেটা সম্ভব কেবল ক্রিকেটের সুদূরতম কল্পনাতেই। শোয়েবের প্রথম ওভারেই পয়েন্টের ওপর দিয়ে ছয়, পরের দুই বলে দুটো চার—টানা তিন বলে তিনটি শট ওয়ানডের এক ক্লাসিক উপাখ্যান হয়ে থাকবে। শুধু বিশ্বকাপেরই নয়, ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসগুলোর ছোট্ট তালিকায় ঢুকে গেছে ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নের সেই ৯৮ রান। পরে টেন্ডুলকার বলেছিলেন, এক বছর আগে থেকেই ওই ম্যাচটা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। যেখানেই যেতেন, লোকে নাকি বলত পাকিস্তানের বিপক্ষে জেতাতেই হবে। ম্যাচের আগের ১২ রাত ঠিকমতো ঘুমাতে পারেননি। এই দুঃসহ চাপ, মানসিক অস্থিরতা, বড় রান তাড়া, প্রতিপক্ষের বোলিং আক্রমণ— সবকিছু ভাবলে ওই ইনিংসটাকে এখনো মনে হয় এক মায়াবী বিভ্রম।